We currently don't have news in this language. Please choose another language.
অপরিশোধিত তেলের দামে বড় লাফ, প্রভাব পেট্রোল-ডিজেলের দামেও? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বাড়লেও দেশের সাধারণ মানুষের জন্য আপাতত স্বস্তির খবর। মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, সরকারি তেল বিপণন সংস্থাগুলি (OMCs) প্রকাশিত নতুন দরে পেট্রোল ও ডিজেলের খুচরা মূল্যে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে আগের দামই বহাল রয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশেরও বেশি বেড়েছে, যার জেরে ভবিষ্যতে জ্বালানির দাম বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে আপাতত সেই প্রভাব ভারতের খুচরা বাজারে পড়েনি।
আজ বিভিন্ন শহরে পেট্রোল-ডিজেলের দাম (১৪ জুলাই ২০২৬)
| শহর | পেট্রোল (প্রতি লিটার) | ডিজেল (প্রতি লিটার) |
|---|---|---|
| দিল্লি | ₹১০২.১২ | ₹৯৫.২০ |
| মুম্বাই | ₹১১১.২১ | ₹৯৭.৮৩ |
| কলকাতা | ₹১১৩.৫১ | ₹৯৯.৮২ |
| আহমেদাবাদ | ₹১০১.৭০ | ₹৯৭.৮৪ |
| চেন্নাই | ₹১০৭.৭৭ | ₹৯৯.৫৫ |
| পাটনা | ₹১১৩.৩৫ | ₹৯৯.৩৬ |
| লেহ | ₹১০৯.৮১ | ₹৯৭.৯২ |
| হায়দ্রাবাদ | ₹১১৫.৬৯ | ₹১০৩.৮২ |
| কোহিমা | ₹১০৪.৩৯ | ₹৯৫.৯১ |
কেন বাড়ল না পেট্রোল-ডিজেলের দাম?
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানে নতুন করে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। সাধারণত দীর্ঘ সময় ধরে অপরিশোধিত তেলের দাম বেশি থাকলে তার প্রভাব ভারতের জ্বালানির বাজারেও পড়ে।তবে বর্তমানে ভারতীয় তেল সংস্থাগুলি খুচরা দামে কোনও পরিবর্তন আনেনি। ফলে মঙ্গলবারও দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দীর্ঘস্থায়ী হলে আগামী দিনে জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রতিদিন কখন প্রকাশিত হয় নতুন দাম?
ইন্ডিয়ান অয়েল (IOC), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের নতুন দাম প্রকাশ করে। এই মূল্য নির্ধারণে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম, ডলার-রুপির বিনিময় হার, পরিবহণ খরচ এবং রাজ্যভিত্তিক ভ্যাট-সহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়।
যুদ্ধ পরিস্থিতি
আরও চড়েছে আমেরিকা-ইরান সংঘাতের পারদ, যার আঁচ এসে পড়েছে হরমুজ প্রণালীতে। একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার জেরে ফের সেদেশে দফায় দফায় আক্রমণ হেনেছে আমেরিকা। সোমবার বাহরিনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিগুলোয় বাজে মিসাইল হামলার সাইরেন। ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে সে দেশের একাধিক এলাকায় বিস্ফোরণ হয়েছে। নিহত হয়েছে কমপক্ষে একজন। গতকাল বাহরিন, কুয়েত, কাতার, জর্ডন, ওমান-সহ একাধিক মধ্যপ্রাচ্যের দেশ যেখানে আমেরিকার সেনাবাহিনীর ঘাঁটি রয়েছে সেখানে হামলা চালায় ইরান। দু'দেশের মধ্যে সংঘাতের মূল কেন্দ্র এখন হরমুজ প্রণালী। আমেরিকার সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে, গতকাল ইরানের মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, অস্ত্রভাণ্ডার-সহ অন্তত ১৪০টি জায়গায় নিখুঁতভাবে আক্রমণ চালিয়েছে তারা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেও উঠে এসেছে এই হামলার প্রসঙ্গ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়