Amarnath Yatra 2026 : ছদ্মবেশে ঢুকে পড়তে পারবে না জঙ্গিরা, অমরনাথ যাত্রায় আঁটসাঁট নিরাপত্তার লক্ষ্যে 'পহেচান' অ্যাপ

Audio Narrative Assistant
Executive Summary
আগামী ৩ জুলাই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2026)। তার আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল জম্মু ও কাশ্মীর পুলিশ।

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2026)। তার আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। অমরনাথ যাত্রার সময় যাতে জঙ্গিরা ছোট ঘোড়ার মালিক, পালকি বাহক বা অন্যান্য পরিষেবা প্রদানকারীর ছদ্মবেশ ধারণ করতে না পারে, সেই লক্ষ্যে এই তীর্থযাত্রার সঙ্গে যুক্ত সকল অনুমোদিত কর্মীর জন্য কিউআর কোড-ভিত্তিক ও টেম্পার-প্রুফ (যা সহজে বিকৃত বা পরিবর্তন করা যায় না) পরিচয়পত্র চালু করল জম্মু ও কাশ্মীর পুলিশ। "কার্ডটি স্ক্যান করলেই পরিষেবা প্রদানকারীর সম্পূর্ণ বৃত্তান্ত সঙ্গে সঙ্গে ভেসে উঠবে", এমনই জানিয়েছেন এক সিনিয়র পুলিশ আধিকারিক। তিনি এই উদ্যোগটিকে স্থানীয় বাসিন্দা সেজে জঙ্গি বা সমাজবিরোধীদের অনুপ্রবেশের চেষ্টার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সুরক্ষাকবচ হিসেবে বর্ণনা করেছেন।

অমরনাথ যাত্রার সময় উন্নত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে, জম্মু ও কাশ্মীর পুলিশ 'পহেচান' (Pehchaan) নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। এর মাধ্যমে তীর্থযাত্রী ও নিরাপত্তা কর্মীরা স্থানীয় পরিষেবা প্রদানকারীদের পরিচয় ও নথিপত্র সঙ্গে সঙ্গে যাচাই করতে পারবেন। এই অমরনাথ যাত্রার সঙ্গে যুক্ত ছোট ঘোড়ার মালিক, কুলি, পরিবহন অপারেটর, গাইড এবং বিক্রেতাদের রেজিস্টার ও নিয়ন্ত্রণের লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এটি অনুমোদিত কর্মীদের একটি ডিজিটাল ডেটাবেস তৈরি করেছে। যার ফলে পুলিশ তীর্থযাত্রার পথে কর্মরত ব্যক্তিদের ওপর নজর রাখতে পারবে। একইভাবে যাচাই-বাছাইহীন যেসব মানুষ থাকবেন তাঁদের শনাক্ত করতে এবং প্রতারণা রোধ করতে সক্ষম হবে।

৩ জুলাই শুরু হতে যাওয়া বার্ষিক অমরনাথ যাত্রার নিরাপত্তায় বহু-স্তরীয় সুরক্ষা ব্যবস্থা থাকবে। এর মধ্যে রয়েছে নো-ফ্লাই জোন (বিমান চলাচলে নিষিদ্ধ এলাকা), পর্যবেক্ষণ টাওয়ার, ইলেকট্রনিক নজরদারি এবং যানবাহনের চলাচলের ওপর রিয়েল-টাইম পর্যবেক্ষণ। জম্মু ও কাশ্মীরে প্রতি বছর যেসব ব্যাপক কার্যক্রম বা আয়োজন করা হয়ে থাকে, তার মধ্যে অমরনাথ যাত্রা সংক্রান্ত নিরাপত্তা পরিকল্পনা অন্যতম।

এই তীর্থযাত্রা নিরাপদে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে DGP নলিন প্রভাত সমস্ত নিরাপত্তা সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন। নিরাপত্তা সংস্থাগুলিও মক ড্রিলের মাধ্যমে প্রস্তুতি জোরদার করেছে। সোমবারই জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্পে NSG এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে একটি উচ্চ-মাত্রার মহড়া চালিয়েছে। যার উদ্দেশ্য ছিল, জঙ্গি হামলা ও পণবন্দির মতো পরিস্থিতি তৈরি হলে কীভাবে তার মোকাবিলা করা হবে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Vaibhav Sooryavanshi: দলে সুযোগ...

Read Next

Taratala Building Collapsed:...