We currently don't have news in this language. Please choose another language.
Baruipur Incident : 'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
কলকাতা : বারুইপুরের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। দোষীদের শাস্তি সহ সমস্ত বিষয় নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। কথা অনুযায়ী ৪ দিনের মধ্যে ফের বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বললেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। বারুইপুর সফরে আইনশৃঙ্খলা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একাধিক কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করে তাঁর দাদাকে চাকরি ও পরিবারকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।
নির্যাতিতার পরিবার এবং নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভয়ে থাকার কথা সাধারণ মানুষের নয়, ভয়ে থাকবে অপরাধীরা। এই বার্তা দেওয়ার পর, গণপিটুনিতে মৃত্যু হওয়া ইন্দ্রজিৎ মণ্ডলের বাবার হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন এবং ইন্দ্রজিৎ-এর দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র দেন মুখ্যমন্ত্রী। এই সাহায্য পেয়ে খুশি পরিবার। ইন্দ্রজিতের দাদা বললেন, ''চাকরি পেয়ে খুব খুশি। মুখ্যমন্ত্রী বললেন পশে আছি, সব সময়, আপনারা ভাল থাকুন। আপনার যেটা দরকার, সেটা সরকার সহযোগিতা করবে।'' ''আমায় একটা চাকরি দিয়েছেন। বাবা-মা কে একটি চেক দিয়েছেন। বলেছেন, আমার ঘর লাগলে ঘর করে দেবেন।''
আরও পড়ুন - 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
শুভেন্দু অধিকারী জানান, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হবে। নির্যাতিতার পরিবার এবং নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দুই বাড়িতেই পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি গোটা এলাকায় নজরদারিও বাড়ানো হবে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে । তিনি বলেন, ঘটনার পর অনেক ব্যবসায়ী আতঙ্কে দোকান বন্ধ রেখেছিলেন। সেই পরিস্থিতি কাটাতে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকে প্রচার চালানো হবে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন করার আহ্বানও জানান তিনি।
অপরাধমূলক ঘটনার তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, এ ধরনের ঘটনাকে আর 'ছোট ঘটনা' বা 'লাভ অ্যাফেয়ার্স' বলে ব্যাখ্যা করা হবে না। প্রতিটি অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
অরিন্দম প্রধান