We currently don't have news in this language. Please choose another language.
EPFO 3.0: নতুন নিয়মে PF তোলা আরও সহজ, UPI পরিষেবা সহ বদলাচ্ছে একাধিক নিয়ম
কলকাতা: দেশের কোটি কোটি চাকরিজীবীর অবসরকালীন সঞ্চয়ের একমাত্র নির্দিষ্ট ঠিকানা হল EPFO বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। আর বর্তমানে এই সংস্থা বড়সড় একটা ডিজিটাল পরিবর্তনের পথে এগোচ্ছে। EPFO 3.0-এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত এবং সহজ করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় EPFO-এর সদস্যরা খুব দ্রুতই UPI-এর মাধ্যমে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন এবং অনেক ক্ষেত্রেই কম নথিপত্রে কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
নতুন এই উদ্যোগের ফলে একাধিক ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া যেমন দ্রুত হবে বা ভুল কমবে তেমনই অনেকটাই হ্রাস পাবে কাগজপত্রের ঝামেলা। দেশের সাত কোটির বেশি EPFO সদস্যের জন্য পরিষেবা আরও সুবিধাজনক করাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন: দাম কমল প্রায় ১৯ লক্ষ টাকা, ভারতের বাজারে Mini-এর বড় বাজি Countryman
প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে হলে কারণ দর্শাতে হয়। আর এতদিন সব মিলিয়ে সেখানে মোট ১৩ টি অপশন থাকতো। EPFO 3.0-এর অন্যতম বড় পরিবর্তন ১৩ টি অপশন কমিয়ে দেওয়া। এখন সেখানে মোট ৩ টি অপশন রয়েছে। জরুরি প্রয়োজন, আবাসন সংক্রান্ত প্রয়োজন এবং বিশেষ পরিস্থিতি। এর ফলে সদস্যদের জন্য টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ হয়ে গিয়েছে।
এছাড়া আগে কিছু ক্ষেত্রে PF তোলার জন্য সাত বছর পর্যন্ত চাকরির অভিজ্ঞতার শর্ত থাকলেও এখন তা কমিয়ে মাত্র ১২ মাস করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কর্মচারী ও সংস্থার অবদান হিসাব করতে হবে। তারপর সুদের অর্থ বিবেচনা করে নির্দিষ্ট শর্তে মোট যোগ্য ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত সহজে তোলা যাবে।
আরও পড়ুন: এক চার্জে এই ইভি কলকাতা থেকে চলে যাবে প্রয়াগরাজ, দাবি করে মার্সিডিজ! সত্যিই কি তাই?
কোনও কারণে চাকরি খোয়ালে EPFO সদস্যরা সঙ্গে সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। বাকি ২৫ শতাংশ ১২ মাস পর তোলা যাবে। একইসঙ্গে ৫৫ বছর বয়সে সম্পূর্ণ প্রভিডেন্ট ফান্ডের তহবিল তুলে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রতিবন্ধকতা, চাকরি হারানো, স্বেচ্ছা অবসর অর্থাৎ VRS বা স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়ার ক্ষেত্রেও সম্পূর্ণ অর্থ তুলে নেওয়ার সুবিধা রয়েছে।
নতুন ব্যবস্থায় অবসরকালীন সঞ্চয় সুরক্ষিত রাখতে ন্যূনতম ব্যালেন্স সংরক্ষণের নিয়মও চালু করা হয়েছে, যেখানে মোট অবদানের ২৫ শতাংশ দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি EPS পেনশন উত্তোলনের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগে দুই মাস পর এই সুবিধা পাওয়া গেলেও এখন তা ৩৬ মাস পরে সম্ভব হবে।
EPFO 3.0-এর এই পরিবর্তনগুলি ভবিষ্যনিধি পরিষেবাকে আরও ডিজিটাল, স্বচ্ছ এবং ব্যবহারকারী-বান্ধব করে তুলবে বলে আশা করা হচ্ছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ