Kashi Vishwanath Temple : কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের সামনে চলল গুলি! আহত ৩ ফুল বিক্রেতা, চরম আতঙ্ক

Audio Narrative Assistant
Executive Summary
বারাণসী :  কাশী বিশ্বনাথ গেটের সামনে বিকট শব্দ হঠাৎ। মন্দিরে চত্বরে ছড়াল আতঙ্ক।

বারাণসী :  কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে বড় ঘটনা। গেটের সামনে বিকট শব্দ হঠাৎ। চলল গুলি। পরপর আহত হলেন তিনি ব্যক্তি। শনিবার কাশী বিশ্বনাথ মন্দিরে চত্বরে ছড়াল আতঙ্ক। ঠিক কী ঘটেছিল ? PTI সূত্রে খবর,  নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিকের বন্দুক থেকে ভুলবশত গুলি বেরিয়ে যায়। তা মাটিতে লাগে। ঘটনায় আহত হন তিনজন। আহতরা প্রত্যেকেই ফুল বিক্রেতা বলে জানা গিয়েছে। ঘটনার পর দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পুলিশ জানিয়েছে, কারও আঘাতই গুরুতর নয় এবং প্রত্যেকেই বিপদমুক্ত।

পুলিশ সূত্রে খবর, কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন নন্দু ফারিয়া লেনে ভিড় নিয়ন্ত্রণের সময় আচমকাই এই ঘটনা ঘটে। নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিকের বন্দুক থেকে ভুলবশত দু’টি গুলি বেরিয়ে যায়। ঘটনায় তিন ফুল বিক্রেতা আহত হন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ঠিক কী ঘটেছিল?

ডিসিপি (কাশী জোন) গৌরব বানসওয়াল জানিয়েছেন, দু’টি গুলি বের হয়। তার পর সেই গুলির আঘাতে তিনজন ফুল বিক্রেতা আহত হন। একজনের হাতে, একজনের কোমরে এবং অন্য একজনের পায়ে আঘাত লাগে।

সংবাদ সংস্থা পিটিআই-কে গৌরব বানসওয়াল জানিয়েছেন, “দু’টি গুলি ভুলবশত মাটিতে লাগে। গুলিতে তিনজন ফুল বিক্রেতা আহত হন। একজনের হাতে, একজনের কোমরে এবং একজনের পায়ে আঘাত লাগে। কেউ গুরুতর আহত হননি।” ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুলির আঘাতে পাথরের টুকরো ছিটকে আহত?

ঘটনা নিয়ে আরও একটি তথ্য সামনে এসেছে। অতিরিক্ত পুলিশ কমিশনার শিবহারী মীনা জানিয়েছেন, গুলি মাটিতে লাগার পর আশপাশের পাথরের টুকরো ছিটকে যায়। সেই টুকরোর আঘাতেও হকাররা আহত হয়ে থাকতে পারেন। পুলিশের তরফে জানানো হয়েছে, আহতদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা বিপদমুক্ত।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পদক্ষেপের আশ্বাস

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের চত্বরে নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে ভুলবশত গুলি বেরিয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য পুলিশ বিভাগের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত এবং ত্রুটিমুক্ত করার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন এলাকায় আচমকা গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়ায়। ঠিক কোন পরিস্থিতিতে নিরাপত্তা আধিকারিকের বন্দুক থেকে গুলি বেরিয়ে গেল, তা নিয়েও তদন্ত চলছে। 

 

 
 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

রাম মন্দিরের...

Read Next

Abhishek Banerjee: 'আমার...