We currently don't have news in this language. Please choose another language.
Kolkata News: ফোর্ট উইলিয়াম এলাকায় সিআরপিএফের পোশাক পরে ঘোরাফেরা, ধৃত 'ভুয়ো' জওয়ান
কলকাতা: ফোর্ট উইলিয়ামের সাগাত সিং দাওয়ার এলাকায় অবস্থিত মঙ্গল পাণ্ডে ট্রেনিং গ্রাউন্ড (RCTC)-এর কাছে সিআরপিএফের পোশাক পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা। তার জেরেই সন্দেহ এবং সেখান থেকেই তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মিলিটারি ইন্টেলিজেন্স সূত্রে ওই ব্যক্তির ঘোরাফেরা করার খবর পাওয়ার পর শুরু হয় তদন্ত। প্রাথমিক তদন্তে পর তাঁর বিরুদ্ধে দায়ের করা হল মামলা। জানা যায়, ধৃত ব্যক্তির নাম আকাশ সোনার। তিনি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা।
তদন্তের জেরে জানা যায় আকাশ আসলে প্রকৃতপক্ষে নাকি সিআরপিএফের কোনও কর্মীই নন। তবে নিজেকে সিআরপিএফ অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন বলে অভিযোগ। তদন্তকারীরা জানতে পেরেছেন, আকাশ সোনার আসলে শেখ মুজাফর নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন একটি লজিস্টিক্স সংস্থায় বাউন্সার হিসেবে কাজ করেন। শেখ মুজাফরের বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড রয়েছে।
তদন্তে আরও জানা গেছে, সরকারি বিভিন্ন কাজে সুবিধা পাওয়ার উদ্দেশ্যে আকাশ সোনার সেনাবাহিনীর পোশাক ব্যবহার করতেন। তাঁর মোবাইল ফোনে সেনাবাহিনীর পোশাক পরা একাধিক ছবিও উদ্ধার হয়েছে। অভিযোগ, শেখ মুজাফরও নিজেকে প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে তুলে ধরে সরকারি কাজে প্রভাব খাটানোর চেষ্টা করতেন।
আকাশ সোনারের কাছ থেকে একটি সাব-ইন্সপেক্টর ব্যাজ, সিপিএফ-এর লোগো, নির্বাচনী দায়িত্বে সিনিয়র আইপিএস অফিসারদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু তথ্য, প্রায় ১৫ হাজার টাকা নগদ এবং একাধিক পরিচয়পত্র উদ্ধার হয়েছে। তদন্তে আরও জানা গেছে, গত তিন বছর ধরে তিনি এই পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন। এর আগে তিনি কাগজ বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পরে মিলিটারি ইন্টেলিজেন্সের দল তাঁকে হেস্টিংস থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় হেস্টিংস থানায় ২৩ জুন ২০২৬ তারিখে মামলা রুজু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না এবং এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda