We currently don't have news in this language. Please choose another language.
Kultali Death: বাংলা জানেন, রাস্তা হারিয়ে চলে গিয়েছিলেন অন্য পাড়ায়! কেরলের বাসিন্দার মর্মান্তিক পরিণতি
সুকান্ত দাস, কুলতলি: তিনি বাংলা জানতেন না, এটাই ছিল তাঁর অপরাধ! কুলতলিতে পিটিয়ে মারা হল ভিন রাজ্যের এক ব্যক্তিকে! কেরালা থেকে আসা ভিনরাজ্যের এক ব্যক্তিকে চোর বা ছেলেধরা সন্দেহে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দিয়ে হত্যা করার অভিযোগ উঠল কুলতলী থানার সানকিজান এলাকায়। এলাকার মানুষেরা জানাচ্ছেন, কাজের সূত্রে ওই ব্যক্তি কুলতলীর সানকিজাহান এলাকায় এসেছিলেন। পরিচিত এক ব্যক্তির বাড়িতে এসেছিলেন ওই ব্যক্তি। গত মঙ্গলবার সকালে তিনি পাড়ায় বেরিয়েছিলেন। কিন্তু সেই সময়েই পথ ভুল করে, তিনি একটি অন্য রাস্তায় চলে যান। ঢুকে পড়েন অন্য পাড়ায়। কিন্তু সেখানেই হয় বিপত্তি।
ভিনরাজ্যের ব্যক্তিকে মার, কেরালার বাসিন্দার মৃত্যু!
এলাকার মানুষেরা জানাচ্ছেন, ওই ব্যক্তি আসলে কেরলের বাসিন্দা। অন্য এলাকায় আসার কারণে, তিনি রাস্তা বুঝতে পারেননি। অপরিচিত ওই ব্যক্তিকে এলাকায় ঘুরতে দেখে এলাকার মানুষদের সন্দেহ হয়। ওই ব্যক্তি এলাকার মানুষদের পথও জিজ্ঞাসা করেছিলেন বলে সূত্রের খবর। কিন্তু ওই ব্যক্তি বাংলা না জানার ফলে, ওই ব্যক্তি কে, কেন তিনি এলাকায় এসেছেন, তা পরিষ্কার হয়নি। এর ফলে, এলাকার মানুষদের সন্দেহ জাগে ওই ব্যক্তির উদ্দেশ্য নিয়ে। এরপরে ওই ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে শুরু হয় অত্যাচার, চলে মারধরও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
সূত্রের খবর, পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে উদ্ধার করে, তাঁকে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা করা গেলেও, শেষরক্ষা করা যায়নি। ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ ময়দাতদন্ত করার জন্য হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ওই ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে মারধর করার ভিডিও। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরেই, পুলিশ ৮ জনকে আটক করেছে। ওই ভিনরাজ্যের ব্যক্তি কে ছিলেন, কী তাঁর পরিচয়.. তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২০২৬-এ দাঁড়িয়েও, এই ধরণের ঘটনা কীভাবে ঘটতে পারে, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। যে সমস্ত ব্যক্তিকে আটক করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাকিদেরও খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda