We currently don't have news in this language. Please choose another language.
Mamata Banerjee: 'অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গিয়েছে ওটা', কালীঘাট ত্যাগী নেতা-নেত্রীদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা: যাঁরা কালীঘাটের সঙ্গ ত্যাগ করে 'বিদ্রোহী'দের হাত ধরেছেন, তাঁদের আজ আক্রমণ শানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরুদ্ধে বলা বাহানা হয়ে গিয়েছে, কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। এ ছাড়াও 'ঋতব্রত-পন্থী'দের তিনি 'সেটিং কোম্পানি' বলেও অভিহিত করেন।
আরও পড়ুন: '...হঠাৎ করে ৫০০ কোটি টাকা ঢুকে গিয়েছে', 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
কালীঘাটের সঙ্গে এখনও মোট ১৮ জন সাংসদ রয়েছেন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এখনও পর্যন্ত আমাদের সঙ্গে রাজ্যসভার ১০ জন ও লোকসভার ৮ জন, অর্থাৎ ১৮ জন সাংসদ রয়েছেন। অনেকে বিধায়কও আছেন। হ্যাঁ, কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে...। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসেছি। হয়, বিজেপির কোলে যারা দুলছে, কী আর বলব; সেটিং কোম্পানি, সেটিং কোম্পানিতে নাম লেখান। নাহলে গাড়ি নিয়ে এসেছি, জেলে যান। নাহলে আপনার ছেলেকে গ্রেফতার করব, মেয়েকে গ্রেফতার করব। বা আপনার পরিবারকে গ্রেফতার করব।"
এই প্রসঙ্গকে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বললেন মদন মিত্রের কথাও। তিনি বলেন, "যেমন একজন আজও চলে গিয়েছে। আমার কোনও দুঃখ নেই। কারণ, সে আমাকে কালকেই মেসেজ দিয়ে বলেছিল, যে আমার পরিবারের সকলকে সমন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গিয়েছিলাম। তাঁর কোনও পজিশন ছিল না। কারণ, তখনই আমরা তাঁকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজেই মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান। যা পড়ে থাকবে, সেটাই আমার সোনার খনি।"
আরও পড়ুন: 'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, তিনি একা ফের সবটা শুরু করতে পারেন। তৃণমূল সুপ্রিমো বলেন, "আমি ২০০৪ সালে একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, ১৯৯৭ সালে যদি নতুন করে শুরু করতে পারি, তাহলে ২০২৬ সালেও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এই টুকু জোর আমার আছে। যাঁরা সেটিং করে ওয়াশিং পাউডার নিরমা হচ্ছেন, বা বিজেপি ওয়াশিং মেশিন হচ্ছেন, আগে নাকি তাঁরা ছিল চোর। আর এখন হয়ে গিয়েছে সাধু পুরুষ। আর তৃণমূলের যাঁরা সোনার খনি, যাঁরা ভোগ করেনি, ত্যাগ করেছে; বুথ প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, বিএলএ; তাঁরা না খেয়ে মিটিং-মিছিল করেছে। আমি মনে করি তাঁরা আজ ফিরে এসেছে।"
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি শুধু তাঁর পরবর্তী প্রজন্ম নয়। আগামীর মোট ৩ টে প্রজন্ম তৈরি করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, "আমি একটা নয়, তিনটে জেনারেশন তৈরি করেছি। আমি মনে করি তারা আগামী দিনে করবে। আমি তাদের মাথার উপর থাকব।"
অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ করছেন। সেই নিয়েও এদিন ফেসবুক লাইভ থেকে সরব হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "যাঁদের পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন, তাঁরা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গিয়েছে ওটা। অভিষেকের বউ যদি দেড় বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে জেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল। আজও তাকে ডেকে পাঠানো হয়েছে। ২৫ টা - ৩০ টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে। একটু সেটিং করে নিলে রিলিফ হতে পারত। তাহলে আপনারা বাহানা দেখিয়ে বলছেন, অভিষেক আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন। এটা আপনাদের বাহানা।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ