We currently don't have news in this language. Please choose another language.
Nabadwip Accident: জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়ি এসেছিলেন, নবদ্বীপে মুখোমুখি বাইক সংঘর্ষে মৃত ২
প্রদ্যোৎ সরকার, নবদ্বীপ: মর্মান্তিক পথ দুর্ঘটনা নবদ্বীপে। দুটো মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ যুবকের। ঘটনায় গুরুতর আহত আরও দুই বাইক আরোহী। শনিবার সন্ধ্যা নাগাদ নবদ্বীপ থানার ইদ্রাকপুর গ্রামে মাঠের রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে বিপরীত দিক থেকে আসা দুটো মোটর বাইকের মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে দুটি বাইকই নিমেষেই প্রায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বাইকের বিভিন্ন যন্ত্রাংশ ও চাকা রাস্তার চারদিকে ছিটকে পড়ে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল ঘোষ ও পীযূষ ঘোষ নামে দুই যুবকের। মৃত রাহুল ঘোষের বাড়ি পূর্ব বর্ধমান জেলার (নাদনঘাট) থানা এলাকায়। জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষে তিনি ইদ্রাকপুরে শ্বশুরবাড়িতে এসেছিলেন। অপর মৃত পীযূষ ঘোষ ইদ্রাকপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গোপাল ঘোষ ও সুজিত ঘোষ। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করেন। এরপর একজনকে ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। অন্যজনকে বেসরকারি নার্সিংহোমে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই যুবকই নবদ্বীপ থানার ইদ্রাকপুর এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল দুটো উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিন সকালে ময়নাগুড়িতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সকাল থেকে দক্ষিণ বঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টি হয়েছে রবিবার। এরইমধ্যে ময়নাগুড়ি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ময়নাগুড়িতে বাস-ট্রাক সংঘর্ষ, মৃত ৪। শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা বাসের। ময়নাগুড়িতে এই পথ দুর্ঘটনায় মৃত ৪, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা সাহায্য় ঘোষণা মুখ্যমন্ত্রীর। গুরুতর আহতদের ১ লক্ষ ও অপেক্ষাকৃত কম আহতদের ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করেছেন তিনি। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, গতি কোনওভাবে স্বাভাবিকের থেকে বেশি ছিল নাকি বাসে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, মেঘলা আবহাওয়া, বৃষ্টির কারণে দুর্ঘটনা ঘটেছে কিনা - সবদিক খতিয়ে দেখছে পুলিশ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda