We currently don't have news in this language. Please choose another language.
OpenDoor India layoffs : একসঙ্গে চাকরি গেল ভারতের ২৫০ জন কর্মীর, এই কোম্পানি করল সব ছাঁটাই
Job Cut : কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সুবিধা এখন অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রযুক্তি ক্ষেত্রে। প্রায় রোজই কোনও না কোনও কোম্পানি বড় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে। এবার এই তালিকায় নাম লিখিয়েছে মার্কিন রিয়েল এস্টেট প্রযুক্তি সংস্থা ওপেনডোর (OpenDoor)। ভারতে একসঙ্গে ২৫০ কর্মী ছাঁটাই করেছে কোম্পানি। শোনা যাচ্ছে, ভারতে পুরোপুরি সব কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। যে কারণে পুরো টিম ছাঁটাই করা হয়েছে।
আসলে আউটসোর্সিং মডেল বন্ধ করে দিচ্ছে ওপেনডোর
বর্তমানে বিশ্বে তাবড় কোম্পানিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিনিয়োগ বাড়াচ্ছে। কর্মীর পরিবর্তে এখন এআই এজেন্ট দিয়েই ব্যবসা চালাতে চাইছে তারা। সম্প্রতি যার প্রভাব দেখা গেছে বিশ্বের নামকরা টেক জায়ান্টদের মধ্যে। একে একে ওরাকল, মেটা বিপুল কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি TCS জানিয়েছে, তারাও আগামী তিন বছরে AI এজেন্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
চাকরি ছাঁটাই নিয়ে কী বলেছে ওপেরডোর
কর্মী ছাঁটাইয়ের বিষয়ে ওপেরডোর জানিয়েছে, ভারতে কর্মী রাখার পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট ও সম্পূর্ণ 'এআই-নেটিভ' (AI-Native) টিম তৈরির দিকে মনোযোগ দিচ্ছে কোম্পানি। যার ফলে ভারতে আউটসোর্সিংয়ের ২৫০ জন কর্মীকে ছাঁটা হচ্ছে।
কী কারণে এই কর্মী ছাঁটাই
এই বিষয়ে ওপেনডোর-এর সিইও কাজ নেজাতিয়ান বলেছেন, 'ভারতের টিমটি মূলত বিভিন্ন জটিল ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা সিস্টেমে 'ম্যানুয়াল ওয়ার্কফ্লো' বা হাতের কাজ সামলানোর জন্য তৈরি করা হয়েছিল। সম্প্রতি কোম্পানি তাদের পুরো সিস্টেমকে এক ছাতার তলায় নিয়ে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে পুরো প্রক্রিয়াটিকে অটোমেটিক করে তুলেছে। আমাদের গ্রাহকরা আমেরিকায় থাকেন ও তাঁদের জন্য যে অপারেশনাল কাজ করা হয়, তা তাঁদের কাছাকাছি থেকে করাই সবচেয়ে শ্রেয়।'
আরও কর্মী কমাবে ওপেনডোর
এই বলেই অবশ্য থেমে থাকেননি ওপেনডোরের সিইও। তিনি আরও যোগ করেন, 'ওপেনডোর ২.০' (Opendoor 2.0) সংস্করণে কোম্পানির কর্মী সংখ্যা হয়তো অনেক কমে যাবে, কিন্তু এআই টুলের সহায়তায় কাজের প্রভাব ও পরিধি আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পাবে। এর ফলে কাজের ধাপ ও জটিলতা অনেকটাই কমে আসবে।
ভারতের আউটসোর্সিং বাজারের জন্য বড় সতর্কবার্তা
ওপেনডোর-এর এই সিদ্ধান্ত প্রযুক্তি মহলে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এতদিন কম খরচে দক্ষ জনবল পাওয়ার কারণে ভারত বিশ্বজুড়ে ব্যাক-অফিস অপারেশন এবং আউটসোর্সিংয়ের মূল কেন্দ্র ছিল। কিন্তু যেভাবে ফ্রন্টিয়ার এআই মডেলগুলো উন্নত হচ্ছে, তাতে এই "কস্ট আরবিট্রেজ" বা কম খরচে কাজ করিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা ফুরিয়ে আসছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (X)-এ এই ঘটনার পরিপ্রক্ষিতে বিশেষজ্ঞরা একে "এআই অপস (AI Ops)-এর একটি জলবিভাজিকা বা টার্নিং পয়েন্ট" হিসেবে বর্ণনা করছেন। অনেক সংস্থাই এখন বিপুল কর্মীনির্ভর অফশোর টিমের বদলে অন-শোরে (আমেরিকাতেই) ছোট ও চটপটে এআই-নির্ভর টিম গঠনে আগ্রহী হতে পারে।
ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য সাহায্য
ওপেনডোর স্পষ্ট করেছে যে, এই ছাঁটাই ভারতীয় টিমের কাজের গুণমানের জন্য করা হয়নি। নেজাতিয়ান ভারতীয় কর্মীদের প্রশংসা করে অন্য সংস্থাগুলোকে তাঁদের নিয়োগ করার পরামর্শ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ভারতীয় কর্মীদের জন্য কোম্পানি সেভারেন্স প্যাকেজ (আর্থিক বিদায়কালীন সুবিধা), আউটপ্লেসমেন্ট সার্ভিস (নতুন চাকরি খোঁজার সহায়তা) ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা করছে। কাজ পুরোপুরি বুঝিয়ে দেওয়ার জন্য খুব সামান্য কিছু কর্মী আপাতত সাময়িকভাবে কয়েকদিন কাজ করবেন।
আরও পড়ুন : ১৫ জুনের মধ্যে চাকরি যাবে ৩০,০০০ কর্মীর, এই কোম্পানি করছে ছাঁটাই
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda