We currently don't have news in this language. Please choose another language.
Railway Ticket New Rule : হোয়াটসঅ্যাপে ট্রেনের টিকিট আর বৈধ নয়, চলবে না স্ক্রিনশট-পিডিএফ, না মানলেই জরিমানা !
Indian Railways New Rule : আপনি কি লোকাল বা জেনারেল ট্রেনের অসংরক্ষিত (Unreserved) টিকিট কেটে মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখেন? কিংবা অন্য কারও থেকে হোয়াটসঅ্যাপে সেই টিকিট আনিয়ে ভ্রমণ করেন? তাহলে সাবধান ! রেলওয়ের নতুন নিয়মে এবার বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে আপনাকে।
সম্প্রতি রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ডিজিটাল অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ মেসেজ, স্ক্রিনশট, ছবি বা পিডিএফ ফাইল আর বৈধ যাত্রা পথ হিসেবে গণ্য করা হবে না। টিকিট পরীক্ষককে (TTE) শুধুমাত্র 'RailOne' অ্যাপের আসল ডিজিটাল টিকিটটিই দেখাতে হবে।
রেলের নতুন নিয়মে কী কী বলা হয়েছে?
একই মোবাইল থাকা বাধ্যতামূলক: যে মোবাইল ফোন এবং যে রেজিস্টার্ড নম্বর থেকে টিকিটটি বুক করা হয়েছে, ভ্রমণের সময় টিকিটটি সেই ফোনেই থাকতে হবে।
হোয়াটসঅ্যাপ বা স্ক্রিনশট বাতিল: টিকিট বুক করার পর তার স্ক্রিনশট, ছবি বা হোয়াটসঅ্যাপে পাঠানো কপি দেখালে তাকে 'টিকিটহীন' হিসেবে গণ্য করা হবে।
ট্রেন ছাড়ার আগে বুকিং: ট্রেন স্টেশন ছেড়ে রওনা দেওয়ার আগেই ডিজিটাল টিকিট বুক করতে হবে। ট্রেন ছেড়ে দেওয়ার পর কোনো বুকিং করা হলে তা অবৈধ বলে ধরে নেওয়া হবে।
পরিচয়পত্র জরুরি: ভ্রমণের সময় আসল টিকিটের পাশাপাশি একটি বৈধ ছবিসহ পরিচয়পত্র (Photo ID) রাখা বাধ্যতামূলক।
দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের (SECR) অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে এই বিষয়ে একটি সতর্কতামূলক ভিডিও পোস্ট করে নিয়মটি নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি এক নারী যাত্রী ট্রেনের ভেতর টিটিই-কে নিজের ভাইয়ের বুক করে দেওয়া টিকিটের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেখান। তদন্তে দেখা যায়, ট্রেনটি স্টেশন ছাড়ার পর টিকিটটি বুক করা হয়েছিল। এই ঘটনার পরেই ওই যাত্রীকে জরিমানা করা হয় এবং রেল এই নিয়মটি কড়াভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেয়।
ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা
রেলের এই নতুন নির্দেশিকা সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে বয়স্ক মানুষ এবং প্রযুক্তিতে অনভিজ্ঞ যাত্রীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন, পরিবারের কোনো সদস্য যদি বাড়ি বসে প্রবীণ বাবা-মায়ের জন্য লোকাল ট্রেনের টিকিট বুক করে দেন, তবে তাঁরা কীভাবে ভ্রমণ করবেন?
সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন:
"আমি আমার পরিবারের জন্য অনলাইনে টিকিট বুক করি। টিকিট তো আসল, সাথে আইডিও থাকে। তাহলে সমস্যা কোথায়? এটা তো এক প্রকার জুলুম!"
অন্য একজন ক্ষোভ প্রকাশ করে বলেন:
"নিয়ম এমন হওয়া উচিত যা সবাই ব্যবহার করতে পারে। বয়স্ক মানুষরা তো RailOne বা UTS অ্যাপের ব্যবহার বোঝেন না। তাঁদের কথা কি রেল একবারও ভেবেছে? এটা কোনো কাজের ব্যবস্থা নয়, সব ঘেঁটে দেওয়া হয়েছে।"
তৃতীয় একজন ব্যবহারকারী বাস্তব সমস্যাটি তুলে ধরে লিখেছেন:
"আমি পুরো পরিবারের জন্য টিকিট কাটি, কিন্তু বেশিরভাগ সময় নিজে সাথে যাই না। এখন কি টিকিট কাটার জন্য আমার মোবাইলটাও তাঁদের সাথে পাঠিয়ে দিতে হবে?"
ডিজিটাল ব্যবস্থার নামে রেলের এই কড়াকড়ি সাধারণ মধ্যবিত্ত ও সাধারণ যাত্রীদের নিত্যদিনের যাতায়াতে বড়সড় ভোগান্তি তৈরি করবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত