We currently don't have news in this language. Please choose another language.
RG Kar News: 'এরা সব ছিলেন, পুলিশও ছিল', পানিহাটি শ্মশানে CBI, কাদের নাম জানালেন শ্মশানের কর্মীরা?
প্রকাশ সিনহা, কলকাতা: খুলে গেছে আরজি কর ফাইলস। বুধবার পানিহাটি শ্মশানে যান CBI-এর ৪ তদন্তকারী আধিকারিক। নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ পরিবারের। পিছনে কারা? জানতে শ্মশানের কর্মীদের জিজ্ঞাসাবাদ, চেক করা হয় অভয়ার দেহ সৎকারের রাতের রেজিস্টার।
আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি কেন সৎকার করা হয়েছিল? দ্রুত সৎকারের নেপথ্যে কি কোনও চাপ কাজ করেছিল? সৎকার যাতে তাড়াতাড়ি হয়, সেজন্য শ্মশানে কোনও রাজনৈতিক নেতা এসেছিলেন কি?
আর জি কর-কাণ্ডে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে বুধবার পানিহাটি শ্মশানে পৌঁছয় CBI। পালা বদলের পরই খুলেছে আর জি কর ফাইলস। বুধবার সকালে CBI-এর বিশেষ তদন্তকারী দলের ৪ জন সদস্য পানিহাটি শ্মশানে যান।
পানিহাটির শ্মশানের কর্মী বলেন, 'আমরা তো জানতাম না এরকম প্যাথেটিক দুর্ঘটনা ঘটেছে। প্রাতিষ্ঠানিক দুর্ঘটনা তখন তো আমরা জানতাম না। আমরা তখন জানতাম নর্মাল একটা দুর্ঘটনা ঘটিয়েছে। পাড়ার মেয়ে, পাড়ার ডাক্তার। কাউন্সিলর, MLA এরা সব ছিলেন, পুলিশও ছিল। আগে দু'টো বডি ছিল তারা বলল যে ঠিক আছে, ওটা আগে হয়ে যাক। সোমনাথ দে, নির্মল ঘোষ এঁরা ছিলেন'।
২০২৪ সালের ৯ অগাস্ট, R G কর মেডিক্যালের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের মধ্যেই ধর্ষণ ও খুন করা হয় এক তরুণী চিকিৎসককে। অভিযোগ, ময়নাতদন্তের পর, তড়িঘড়ি শ্মশানে নিয়ে গিয়ে তরুণীর শেষকৃত্য সেরে ফেলা হয়। এর আগে শববাহী গাড়ির চালক বলেছিলেন, 'পানিহাটি শ্মশানে গিয়ে দেখি সব রেডি। পোড়ানোর সব তৈরি। পুলিশ দৌড়ে এসে ৫০০ টাকা দিয়ে আমায় ছেড়ে দেয়'।
এর জন্ম পানিহাটি পুরসভার তৎকালীন কাউন্সিলর ও তৃণমূল নেতা সোমনাথ দে-কে দায়ী করে অভয়ার পরিবার। পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের নামও শোনা গেছিল তাঁদের মুখে।
২০২৪ সালের ৯ অগাস্ট রাতে পানিহাটি শ্মশানে ঠিক কী ঘটেছিল? শ্মশানে কারা কারা ছিলেন? কে মৃতদেহ দাহ করেছিলেন? শ্মশানের কর্মীরা কী দেখেছিলেন? কারা কী বলেছিলেন? এই সব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর জানতে, পানিহাটি শ্মশানের অফিসে কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
পানিহাটির এক শ্মশানকর্মীর কথায়, 'একটা পোস্টমর্টেম বডি আসে সন্ধে খুব জোর ৬টা থেকে ৭টা , ৮টা - এর পরে আর পোস্টমর্টেম সচরাচর বডি আসে না। একটা যখন ১১টার সময় এসেছে তার মানে এটা নিয়ে সারাদিন নাজেহাল চলেছে। আমরা তো তখন জানি না, কিছু ঘটনা ঘটেছে, এর মধ্যে রহস্য আছে। রেজিস্টার খাতা দেখতে চাইলেন। দেখলেন যে কী লেখা আছে না আছে, কীভাবে হয়েছে, ওগুলোই সব দেখলেন'।
রাজ্যে বিজেপি সরকার আসার পরেই খুলেছে আর জি কর কাণ্ডের ফাইল। ৩ IPS অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। গত সোমবার CBI-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা রাজেশ প্রধানের নেতৃত্বে ৬ সদস্যের একটি তদন্তকারী দল আর জি কর মেডিক্যাল কলেজে যায়। এবার পানিহাটি শ্মশানে গেল তদন্তকারী দল।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda