We currently don't have news in this language. Please choose another language.
Success Story: মাত্র ২৩ বছর বয়সেই ১৯টি সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য চারু পাণ্ডের, প্রস্তুতির কোন কৌশলেই বাজিমাত?
কলকাতা: ছত্তিশগড়ের চারু পাণ্ডে মাত্র ২৩ বছর বয়সেই SSC, SBI, IBPS-সহ ১৯টি সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য পেয়েছেন। জানুন তাঁর সাফল্যের রহস্য ও প্রস্তুতির কৌশল
যেখানে অধিকাংশ চাকরিপ্রার্থী একটি সরকারি চাকরির জন্য বছরের পর বছর প্রস্তুতি নেন, সেখানে মাত্র ২৩ বছর বয়সেই ১৯টি সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য অর্জন করে নজির গড়েছেন ছত্তিশগড়ের চারু পাণ্ডে। SSC, IBPS, SBI, দিল্লি পুলিশ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় ও রাজ্যস্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বর্তমানে দেশের অসংখ্য চাকরিপ্রার্থীর কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।
ছত্তিশগড়ের রায়পুরের কাছাকাছি তিলদা এলাকার বাসিন্দা চারু ছোটবেলা থেকেই সরকারি চাকরিতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। তবে তাঁর পথ মোটেই সহজ ছিল না। প্রস্তুতির শুরুর দিকে একাধিক পরীক্ষায় ব্যর্থতার মুখও দেখতে হয়েছিল তাঁকে। কিন্তু প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বলতা চিহ্নিত করেন এবং সেগুলি শুধরে নেওয়ার উপর জোর দেন।
চারুর সাফল্যের তালিকায় রয়েছে SSC CGL, SSC CHSL, SSC MTS, SSC GD, SSC CPO, IBPS Clerk, IBPS PO, SBI Clerk, SBI PO, দিল্লি পুলিশ, ছত্তিশগড় সাব-ইন্সপেক্টর, ট্রান্সপোর্ট সাব-ইন্সপেক্টর, RRB NTPC, RRB Group-D এবং CG NHM-সহ মোট ১৯টি প্রতিযোগিতামূলক পরীক্ষা।
চারুর মতে, প্রতিটি পরীক্ষার জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার পরিবর্তে তিনি রিজনিং, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের মতো মূল বিষয়গুলির ভিত্তি শক্ত করেছিলেন। কারণ অধিকাংশ সরকারি চাকরির পরীক্ষায় এই বিষয়গুলিই বারবার আসে। এরপর পরীক্ষাভেদে সামান্য পরিবর্তন এনে প্রস্তুতি চালিয়ে গিয়েছেন তিনি।
নিয়মিত মক টেস্ট দেওয়া এবং ভুল বিশ্লেষণ করাকেই তিনি সাফল্যের অন্যতম চাবিকাঠি বলে মনে করেন। প্রতিটি পরীক্ষার পর কোথায় ভুল হচ্ছে তা খুঁজে বের করে সংশোধন করতেন। তাঁর বিশ্বাস, পরিশ্রমের পাশাপাশি সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিকতা থাকলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়।
বর্তমানে চারু পাণ্ডে ভারতের নিয়ন্ত্রক ও মহালেখা পরীক্ষক (CAG) দফতরের চেন্নাই অফিসে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর এই অসাধারণ সাফল্য প্রমাণ করে যে সঠিক কৌশল, আত্মবিশ্বাস এবং অধ্যবসায় থাকলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করা সম্ভব।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Education. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda