We currently don't have news in this language. Please choose another language.
Success Story: এক পা পোলিও আক্রান্ত, পথে পথে চুড়ি বিক্রি করতেন, আজ তিনি IAS, সিনেমাকেও হার মানাবে এই গল্প
কলকাতা: দারিদ্র্য, শারীরিক প্রতিবন্ধকতা এবং একের পর এক জীবনের কঠিন পরীক্ষাকে হার মানিয়ে দেশের অন্যতম কঠিন পরীক্ষায় সাফল্য পেয়েছেন রমেশ গোরখ ঘোলাপ। মহারাষ্ট্রের সোলাপুর জেলার এক ছোট্ট গ্রামের ছেলে রমেশ আজ একজন IAS অফিসার। কিন্তু তাঁর এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না।
রমেশের বাবা একটি সাইকেল মেরামতের দোকান চালাতেন। পরিবারের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। বাবার অসুস্থতার পর সংসারের হাল ধরেন তাঁর মা বিমল ঘোলাপ। গ্রামে গ্রামে ঘুরে চুড়ি বিক্রি করতেন তিনি। মায়ের পাশে দাঁড়াতে ছোটবেলা থেকেই চুড়ি বিক্রি করতেন রমেশ এবং তাঁর ভাই। এদিকে, পোলিওর কারণে রমেশের বাঁ পা-ও ক্ষতিগ্রস্ত ছিল।
বাবার মৃত্যুর খবর, কিন্তু বাসভাড়ার টাকাও ছিল না
দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় রমেশের জীবনে নেমে আসে সবচেয়ে বড় ধাক্কা। বাবার মৃত্যু হয়। সেই সময় তিনি পড়াশোনার জন্য গ্রামের বাইরে ছিলেন। বাবার শেষকৃত্যে যোগ দিতে বাড়ি ফিরতে প্রয়োজন ছিল মাত্র ২ টাকা বাসভাড়া। কিন্তু সেই টাকাটুকুও তাঁর কাছে ছিল না। প্রতিবেশীদের সাহায্যে তিনি বাড়ি ফিরতে পেরেছিলেন। তবুও ভেঙে না পড়ে পরীক্ষায় বসে ৮৮.৫ শতাংশ নম্বর অর্জন করেন।
শিক্ষকতার চাকরি থেকে UPSC-র স্বপ্ন
সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে রমেশ D.Ed কোর্সে ভর্তি হন এবং ২০০৯ সালে শিক্ষক হিসেবে চাকরি পান। পাশাপাশি দূরশিক্ষার মাধ্যমে আর্টসে স্নাতক ডিগ্রিও সম্পূর্ণ করেন। কিন্তু তাঁর মনে ছিল বড় স্বপ্ন— প্রশাসনের উচ্চপদে থেকে সমাজের জন্য কাজ করা। সরকারি দফতরে সাধারণ মানুষের দুর্ভোগ দেখে তিনি ঠিক করেন, তাঁকে IAS অফিসার হতেই হবে।
প্রথমবার ব্যর্থ, দ্বিতীয়বারেই বাজিমাত
২০১০ সালে প্রথমবার UPSC পরীক্ষায় বসে ব্যর্থ হন রমেশ। কিন্তু হাল ছাড়েননি। চাকরি ছেড়ে পূর্ণ সময় পড়াশোনা শুরু করেন। আর সেই পরিশ্রমের ফল মেলে ২০১২ সালে। UPSC Civil Services Examination-এ তিনি অল ইন্ডিয়া র্যাঙ্ক ২৮৭ অর্জন করে IAS হওয়ার স্বপ্ন পূরণ করেন। একই বছরে Maharashtra Public Service Commission (MPSC)-এ প্রথম স্থান অধিকার করে রেকর্ডও গড়েন।
আজ বহু তরুণের অনুপ্রেরণা
IAS হওয়ার পরও নিজের শিকড় ভুলে যাননি রমেশ ঘোলাপ। বিভিন্ন জায়গায় গিয়ে তিনি তরুণ-তরুণীদের অনুপ্রাণিত করেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরামর্শ দেন। তাঁর জীবন প্রমাণ করে, প্রতিকূল পরিস্থিতি যতই কঠিন হোক, ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে সাফল্য অর্জন সম্ভব।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Education. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পল্লবী দে