We currently don't have news in this language. Please choose another language.
Taratala Building Collapsed: তারাতলায় বিপর্যয়, উঠে আসছে আসগর হোসেন ও আনোয়ার খানের নাম, তাঁদের সঙ্গে ছবি ফিরহাদ হাকিম-সহ তাবড় তৃণমূল নেতাদের
কলকাতা : তারাতলায় ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনায়, উঠে আসছে আসগর হোসেন ও আনোয়ার খান, এই ২ জনের নাম! যে গোডাউন, ভেঙে পড়েছে, সেটি তৈরির দায়িত্বে ছিলেন আসগর হোসেন। আর ওই এলাকার সদ্য় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হলেন আনোয়ার খান। এই দুজনের সঙ্গে ফিরহাদ হাকিমের সম্পর্কের অভিযোগ সামনে আসছে! যদিও বিপর্যয়ে মৃত্য়ু হয়েছে আসগর হোসেনের।
কী ভয়ঙ্কর দৃশ্য়, বলে বোঝানো সম্ভব নয়। মানুষ শেষ, স্বপ্ন শেষ, পরিবার শেষ। কিন্তু কাদের অশুভ আতাঁতে এই পরিণতি? তারাতলায় ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনায়, উঠে আসছে আসগর হোসেন ও আনোয়ার খান... এই ২ জনের নাম। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে যে গোডাউন, সেটি তৈরির দায়িত্বে ছিলেন খিদিরপুরের বাসিন্দা, আসগর হোসেন। আর যে জায়গায় এই বিপর্যয় ঘটেছে, অর্থাৎ, কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের সদ্য় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হলেন আনোয়ার খান। এই দুজনের সঙ্গে ফিরহাদ হাকিমের সম্পর্কের অভিযোগ উঠে আসছে।
খিদিরপুরের ভূকৈলাস রোডের বাসিন্দা আসগর হোসেন। সূত্রের খবর, তারাতলায়, বেহরা ব্রাদার্সের এই গোডাউনটি তৈরির দায়িত্বে ছিলেন তিনি। বুধবারের গোডাউন বিপর্যয়ে মৃত্য়ু হয়েছে তাঁরও। তারাতলায় ধ্বংসস্তূপের মধ্য়ে যে হলুদ হোর্ডিংটা দেখা যাচ্ছে, অয়ন ট্রেডার্স লেখা, এখানে যে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরটি আসগর হোসেনের। স্থানীয় সূত্রে দাবি, এই আসগর একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার ঘনিষ্ঠ। ফিরহাদ হাকিম থেকে শুরু করে জাভেদ খান, সৌগত রায় - তৃণমূলের একাধিক দাপুটে নেতার সঙ্গে ছবি রয়েছে তাঁর। একটি ছবিতে আসগর হোসেনের সঙ্গে ফিরহাদ হাকিম ও ৮০ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান, ২ জনকেই দেখা যাচ্ছে।
যদিও ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেছেন, 'আমি জনপ্রতিনিধি। আমার সঙ্গে সবার ছবি। রিসেন্টলি আমি শুনলাম যে, বিজেপি জয়েন করেছেন।' আর তার পাল্টা ভূকৈলাশ রোডের স্থানীয় বাসিন্দা মনোজকুমার শ্রীবাস্তব বলেছেন, 'ববি হাকিমের কায়দাই আছে এটা। যে, কাপড় ছিঁড়ে যাবে, তাকে বাদ দিয়ে দেবে। আসল কালপ্রিট আছে ববি হাকিম, আনোয়ার খান। মেন কালপ্রিট। যত দোষ এখন আসগর ভাইয়ের মাথায় চাপাবে?' আরেক স্থানীয় বাসিন্দা মহম্মদ রিয়াজের কথায়, 'ফিরহাদ হাকিম সাহেবের সঙ্গে আসগরের অনেক ফটো আছে। আনোয়ার খানের সঙ্গে ফটো পাবেন। তাহলে ও কী করে বলছে, ও বিজেপিতে চলে গেছে? ও TMC-র লোক না! ওঁর স্বভাবই এই। কোনও অপরাধ কেউ করে, ওঁর দলের লোক, পরিষ্কার উনি অস্বীকার করে দেন, উনি আমার লোক না। আমার পার্টির লোক না।' এই মহম্মদ রিয়াজ আরও বলেছেন, 'এতবড় কাজ আসগর নিজের ইচ্ছামতো গিয়ে ওখানে করেনি। অনুমতি ছাড়া করেনি। এসব ওপরমহলের লোক ছিল। এরা অর্ডার করেছে, পারমিশন দিয়েছে। তবেই এই কাজটা করেছে।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী