We currently don't have news in this language. Please choose another language.
Tigers in Buxa: শুধু সুন্দরবন নয়, এবার উত্তরবঙ্গেও দেখা মিলবে বাঘমামার, বাঘেরা পুনর্বাসন পাবে বক্সা টাইগার রিজার্ভে
অরিন্দম সেন, বক্সা, আলিপুরদুয়ার: নামেই টাইগার রিজার্ভ, এতদিন সেখানে কোনও বাঘের দেখা মিলত না। কিন্তু এবার হয়তো বদলাতে চলেছে পুরোটাই। খবর মিলছে গান্ধী জয়ন্তীর দিন বাঘ আসবে বক্সায়। সেখানে বাঘের পুনর্বাসন নিয়ে সমন্বয় বৈঠকও করলেন বনমন্ত্রী। সব রকমের সহজয়ের আশ্বাসও মিলল জেলার পুলিশ ও প্রশাসনের তরফে। বক্সার গভীর জঙ্গলে এনক্লোজারের জন্য ফেনসিং তৈরীর প্রস্তুতিও ঘুরে দেখলেন মন্ত্রী। পরিদর্শন করলেন বাঘেদের পূনর্বাসন কেন্দ্র 'বনছায়া'।
সূত্রের খবর, গত কয়েক বছর ধরেই বক্সায় বড় বাঘ নিয়ে আসার পরিকল্পনা চলছিল। পূর্বতন সরকারের সময় সেই প্রস্তুতি এগিয়ে গিয়েছিল অনেকটাই। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত দুটি গ্রামের মানুষকে ক্ষতিপূরণ ও অন্য জায়গায় প্রয়োজনীয় জমি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, এখনও জয়ন্তী সহ বেশ কিছু এলাকা বাকি রয়েছে। সেই এলাকাগুলো থেকেও স্থানান্তর করা হবে স্থানীয় মানুষদের।
বর্তমান বনমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ২ অক্টোবর বাঘ আসছে বক্সায়। আর সোমবার তারই সমন্বয় বৈঠক করলেন বনমন্ত্রী মনোজ ওঁরাও। কীভাবে বাঘেদের পুনর্বাসনের মতো বিরাট কর্মকাণ্ড চলছে, সেটাও দেখানো হল। জানা গিয়েছে প্রাথমিক ভাবে বাঘ নিয়ে এসে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ২৫ মাইলের জঙ্গলে রাখা হবে। সেখানে এনক্লোজারও তৈরি করা হয়েছে। সেখানেই এনে রাখা হবে বাঘমামাদের। আধিকারিকদের সঙ্গে টার প্রস্তুতিও ঘুরে দেখলেন বনমন্ত্রী।
আরও পড়ুন: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
জানা গিয়েছে, বক্সার মতো রাজস্থানের আলওয়ার জেলার ১ হাজার ২০৩ বর্গ কিলোমিটার আয়তনের সারিস্কা টাইগার রিজার্ভ এক সময়ে বাঘের সংখ্যা শূন্যতে নেমে গেছিল। এই টাইগার রিজার্ভ আরাবল্লি পর্বতের উপরই অবস্থিত। সেখানেও বাইরে থেকে বাঘ এনে তার পুনর্বাসন ঘটানো হয়েছিল। বর্তমানে সেখানে ৫৬ টি বাঘ রয়েছে। ফলে এই একই পরিকল্পনা বক্সায় ফলপ্রসূ হবে বলেই মনে করছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা।
বনমন্ত্রী মনোজ ওঁরাও বলেন, "আমাদের উদ্দেশ্য ২ অক্টোবর বক্সায় বাঘ পুনর্বাসন সফল করা। সেই কারণেই এই সমন্বয় বৈঠক। আমরা প্রায় তৈরি।" তবে মনে করা হচ্ছে কিছু জনবসতি স্থানান্তর করা ও বর্ষার কথা মাথায় রেখে বাঘ পুনর্বাসনের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত পার্শ্ববর্তী অসমের মানস কিম্বা বিহার থেকে আনা হতে পারে বাঘ। তিনি আরও বলেন, "বক্সায় বনকর্মীর অভাব রয়েছে। তার মাঝেও এই বিশাল চাপ সহ্য করেও প্রস্তুতি প্রায় সম্পন্ন।" অতএব এখন অপেক্ষা শুধুমাত্র বাঘমামার আসার।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ