We currently don't have news in this language. Please choose another language.
TMC News: সোনারপুরে কাউন্সিলারের ওয়ার্ডে সরকারি সামগ্রী উদ্ধারে চাঞ্চল্য, ডিম ছুঁড়ে বিক্ষোভ স্থানীয়দের
রঞ্জিত হালদার, সোনারপুর: সাম্প্রতিক সময়ে ত্রাণে দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে, গ্রেফতার হয়েছেন অনেকে। এবার এই ত্রাণ নিয়েই ফের স্থানীয়দের প্রশ্ন, বিক্ষোভের মুখে আরেক তৃণমূল নেতা (TMC News)।
রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা ঘোষালের বাড়ি ও কার্যালয় মিলিয়ে বিপুল পরিমাণ সরকারি ও ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্ট্রিট লাইট, ত্রিপল, সিমেন্টের বস্তা, বালতি, ব্লিচিং পাউডার-সহ বিভিন্ন সরকারি ও ত্রাণসামগ্রী। অভিযোগ, এই সমস্ত মালপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলছিল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখান এবং ‘চোর চোর’ স্লোগান তোলেন।
বর্তমানে এই ওয়ার্ডের কাউন্সিলার চন্দ্রা ঘোষাল। এর আগে কাউন্সিলার ছিলেন তাঁর স্বামী সৌমেন মোহন ঘোষাল। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর মণ্ডলের সভাপতি দেবপ্রসাদ চক্রবর্তী অভিযোগ করেন, সাধারণ মানুষের প্রয়োজন থাকা সত্ত্বেও সরকারি সামগ্রী বেআইনিভাবে মজুত করে রাখা হয়েছিল এবং তা বিতরণ করা হয়নি। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওয়ার্ডে তোলাবাজি চলত। বিজেপি কর্মী নিতাই মজুমদার দাবি করেন, সরকারি প্রকল্পের কাজে যুক্ত ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়া হত এবং কমিশন না দিলে কাজ করতে দেওয়া হতো না। অন্যদিকে, বাসিন্দা সৌমি চক্রবর্তীর অভিযোগ, এলাকায় উল্লেখযোগ্য কোনও উন্নয়ন হয়নি। সরকারি অর্থে নির্মিত একটি শৌচালয় এখনও চালু করা হয়নি এবং ওয়ার্ডের জলনিকাশি ব্যবস্থাও ভেঙে পড়েছে।
যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে কাউন্সিলার ছন্দা ঘোষালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। ইতিমধ্যেই উদ্ধার হওয়া সরকারি সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda