We currently don't have news in this language. Please choose another language.
TMC: সংসদে আরও ভাঙল তৃণমূল, রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন এই সাংসদ
নয়াদিল্লি: সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেবের পর এবার প্রকাশচিক বরাইক!
সংসদে আরও ভাঙল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় ১৩ থেকে কমে ১০-এ এসে ঠেকল তৃণমূল। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন আলিপুরদুয়ারের প্রকাশচিক বরাইক। প্রকাশচিক বরাইককে রাজ্যসভায় এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তাতে তৃণমূল কংগ্রেসের ওপর থেকে কি পুরোপুরি রাশ হারাচ্ছেন দলনেত্রী?
সূত্র মারফত জানা গিয়েছে, দুই প্র্যারাগ্রাফের ইস্তফাপত্রে পদত্যাগের কোনও কারণ দেখাননি প্রকাশচিক বরাইক। আলিপুরদুয়ারের নেতাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় সাংসদ করে এনেছিলেন। প্রকাশচিক বলেছেন, 'আমি দল থেকেও পদত্যাগ করেছি। নেত্রীর সঙ্গে আজ কোনও কথা হয়নি।' আপনি কি অন্য কোনও দলে যোগ দিচ্ছেন? প্রকাশচিক বলেছেন, 'সময়ই সেই উত্তর দেবে।'
প্রকাশচিক বরাইকের আগে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি দল থেকেও পদত্যাগের ঘোষণা করেছিলেন সুখেন্দু শেখর রায়। সোমবার তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তৃণমূল নিয়ে সমালোচনায় মুখর হন বর্ষীয়ান নেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুখেন্দু শেখর রায় বলেন, “তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি। দল থেকেও পদত্যাগ করেছি।” এরপরই একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি লেখেন, 'সাম্প্রতিক অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নির্বাচকমন্ডলী ১৫ বছর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তৃণমূল কংগ্রেস দলের বেলাগাম দুর্নীতি, চরম নারী নির্যাতন ও শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, আইনশৃঙ্খলাসহ সব ক্ষেত্রে শোচনীয় অপদার্থতাজনিত চরম নৈরাজ্যের বিরুদ্ধে সার্বিক অনাস্থা জ্ঞাপন করে ভারতীয় জনতা পার্টিকে বাংলার ইতিহাসে প্রথম বার বিপুল সংখ্যক আসনে জয়ী করেছেন। ইতিমধ্যে নবনির্বাচিত জনগণের সরকার তাদের দলের ঘোষিত নির্বাচনী সংকল্প অনুসারে বাংলার সার্বিক উন্নয়ন ও পুনর্গঠনের স্বার্থে একাধিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছেন। আমি জনসাধারণের এই ঐতিহাসিক রায় নতমস্তকে গ্রহণ করে তৃণমূল কংগ্রেস দলের প্রাথমিক সদস্যপদ এবং রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম।'
সুখেন্দুশেখর রায়ের পথে হেঁটে এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেবও। শুধু সাংসদ পদ নয়, ছেড়েছেন দলও, ইস্তফা দিলেন তৃণমূলের সমস্ত পদ থেকে। ইস্তফার পরই, বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন সুস্মিতা দেব।
আরও পড়ুন: আজ ফুটবল বিশ্বকাপের বোধন, উদ্বোধনের আকর্ষণ শাকিরা, প্রথম ম্যাচ কাদের? কখন-কোথায় দেখবেন?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda