We currently don't have news in this language. Please choose another language.
Uttar Pradesh News: ‘পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রকেও ছাপিয়ে যাবে’, এবার ভাঙছে এই বড় দল? অমিত শাহের সঙ্গে গোপনে যোগাযোগ? বলছেন খোদ মন্ত্রী
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের পর উত্তরপ্রদেশেও দল ভাঙানোর রাজনীতি? অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে বড় ভাঙন ধরতে চলেছে বলে খবর। রাজ্যের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর খোদ এই দাবি করেছেন। ২০২৭ সালে বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। তার আগে সমাজবাদী পার্টি টুকরো টুকরো হয়ে যাবে বলে দাবি তাঁর। সমাজবাদী পার্টির ২১ জন সাংসদ বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর মিলছে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রেও। (Samajwadi Party Split Speculation)
বিধানসভা নির্বাচনের এক মাস পরই খান খান তৃণমূল। বিজয়ী ২০ জন সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। ৬০ জন বিধায়ক নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল বিধায়ক এবং সাংসদ এখন মুষ্টিমেয়। সেই আবহেই মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনায় ভাঙনের খবর আসছে। মাথাপিছু ৫০ কোটি টাকা দিয়ে বিজেপি দল ভাঙাচ্ছে বলে দাবি উদ্ধবের দলের। (Uttar Pradesh News)
আর এবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিতে ভাঙনের সম্ভাবনা দেখা দিল। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির ওম প্রকাশ জানিয়েছেন, সমাজবাদী পার্টি থেকে অনেকেই বিজেপি-তে যোগ দিতে চলেছেন। প্রথমে সোশ্য়াল মিডিয়ায় এই দাবি করেন তিনি। পরে মুখ খোলেন সংবাদ সংস্থা ANI-তেও। তাঁর দাবি, দেশের যেখানে যত বিরোধী দলে ভাঙন দেখা গিয়েছে, উত্তরপ্রদেশের ঘটনা সবকিছুকে ছাপিয়ে যেতে চলেছে।
ওম প্রকাশের দাবি, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। তবে ঠিক কী কথা হয়েছে, কত জন বিজেপি-তে যোগ দিতে পারেন, তা খোসসা করেননি ওম প্রকাশ। খনি দুর্নীতি এবং গোমতী নদী সৌন্দর্যায়ন দুর্নীতি মামলার উল্লেখ করে তাঁর দাবি, তদন্তের জেরে চাপ বাড়ছে সমাজবাদী পার্টির নেতাদের উপর। তাঁর উৎকণ্ঠায় ভুগছেন। ওম প্রকাশ কোনও রাখঢাক না করেই বলেন, “মহারাষ্ট্র এবং বাংলার কথা ভুলে যান, গোটা সমাজবাদী পার্টিই বিজেপি-তে যোগ দিতে প্রস্তুত রয়েছে।”
উদ্ধবের শিবসেনা নেতাদের মাথাপিছু ৫০ কোটি টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলের নেতা সঞ্জয় রাউত। তৃণমূলের ২০ জন সাংসদের দলবদলেও টাকার সংযোগ রয়েছে বলে দাবি করেছেন দলের প্রাক্তন সাংসদ সাকেত গোখলে। বিধায়ক-সাংসদ কেনাবেচার রাজনীতি নিয়ে প্রশ্ন করলে ওম প্রকাশ বলেন, “কেউ যদি বিক্রি হতে রাজি থাকে, তাদের কেনার লোক তো থাকবেই! শুধু মহারাষ্ট্রের দিকে তাকিয়ে থাকবেন না। এবার উত্তরপ্রদেশের পালা। রামগোপাল যাদব অমিত শাহকে চিঠি দিয়েছে নাম পাঠিয়েছেন। কারা কারা যেতে প্রস্তুত জানিয়েছেন, যাতে নিরাপদ থাকেন সকলে, সেই আর্জিও জানানো হয়েছে। চিঠিতে কী লিখেছেন, তা বলে দেওয়া উচিত রামগোপালজীর।”
খনি দুর্নীতিতে এর আগে নাম জড়িয়েছিল অখিলেশেরও। বিজেপি-র সঙ্গে তাঁরও বোঝাপড়া রয়েছে কি না, তা নিয়েও উস্কে দিয়েছেন ওম প্রকাশ। তাঁর বক্তব্য, “খনি দুর্নীতিতে CBI তো অখিলেশের নাম বলেছিল। গোমতী নদী সৌন্দর্যায়ন মামলায় কেউ কি জেলে গিয়েছেন?” ওম প্রকাশ এবং তাঁর দল বিজেপি নেতৃত্বাধীন NDA-তে রয়েছেন।
বিজেপি, কংগ্রেসের পর সমাজবাদী পার্টি লোকসভার তৃতীয় বৃহত্তম দল। ভাঙনের আগে পর্যন্ত চতুর্থ স্থানে ছিল তৃণমূল। এখন সেই জায়গা দখল করেছে NCPI. সমাজবাদী পার্টির ২১ জন সাংসদ চলে গেলে, সকলে বিজেপি বা NDA শিবিরে যোগ দিলে, এতদিন ধরে আটকে থাকা বিলগুলি পাস করাতে আর সমস্যা হবে না বিজেপি-র। সমাজবাদী পার্টির তরফে এখনও এ নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে কবিতায় জবাব দেন অখিলেশ। বলেন, “দানা অউর গানা কব তক চলে গা ইয়ে আফসানা?” তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ