We currently don't have news in this language. Please choose another language.
Weather Update : কয়েকঘণ্টায় অতি ভারী বর্ষণ, উত্তাল ঝড়-বৃষ্টি, প্রবল দুর্যোগ শঙ্কা আজ কোথায় কোথায় ?
কলকাতা : বৃহস্পতিবার তুমুল দুর্যোগের সাক্ষী থাকল কলকাতা ও অন্যান্য জেলা। বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি হয় কলকাতায়। সঙ্গে বইল উত্তাল ঝোড়ো হাওয়া। দুপুর থেকেই অন্ধকার হয়ে গেল কলকাতার বিভিন্ন অংশে। এদিন টানা বৃষ্টিতে SSKM হাসপাতাল চত্বরে জল জমে যায়। জলমগ্ন হয়ে পড়ে ধর্মতলা চত্বর। কলকাতা সংলগ্ন দুই জেলাতেও চলে তুমুল বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানাচ্ছে. বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। IMD জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এছাড়া মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী কয়েকদিন কেমন থাকবে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ থেকে ২৯ জুন উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ধস, জল জমা এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।
সাধারণ মানুষকে কী পরামর্শ?
- বজ্রবিদ্যুতের সময় খোলা মাঠ বা গাছের নিচে দাঁড়াবেন না।
- পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন।
- জল জমা এলাকায় সতর্কতার সঙ্গে চলাফেরা করুন।
- আবহাওয়া দফতরের সর্বশেষ সতর্কবার্তার দিকে নজর রাখুন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়