We currently don't have news in this language. Please choose another language.
Artificial Intelligence: এআই-এর কারণে চাকরি হারানোর শঙ্কা বাড়ছে, অর্থনৈতিক ভাবে প্রস্তুত থাকবেন কীভাবে?
কলকাতা: আপনার কাজের জায়গার চেহারা দ্রুত বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। নতুন সুযোগ তৈরি হলেও অনেক ক্ষেত্রেই অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তি মানুষের কাজের জায়গা নিয়ে নিচ্ছে। এর ফলে চাকরির নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। সম্প্রতি ১২ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে TCS। আর এতেই আরও বাড়ছে আশঙ্কা। তবে শুধু টিসিএস নয়, বিশ্বজুড়ে ইন্টেল, মাইক্রোসফট, গুগল, আইবিএম, ইনফোসিস-সহ একাধিক প্রযুক্তি সংস্থা সম্প্রতি কর্মীসংখ্যা কমিয়েছে।
আরও বলুন: করযোগ্য আয় না হলেও আয়কর রিটার্ন দাখিল করা কি জরুরি?
বর্তমান পরিস্থিতিতে চাকরিজীবীদের সব সময় প্রস্তুত থাক উচিত বলছেন বিশেষজ্ঞরাই। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক প্রস্তুতিও। যদি কারও চাকরি চলে যায়, তাহলে সবার আগে নিজের সঠিক অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন করা প্রয়োজন। মাসিক খরচের তালিকায় বাড়িভাড়া, হোম লোন বা গাড়ির ইএমআই, সন্তানের পড়াশোনার খরচ, বিদ্যুতের বিল, বাজার ও দোকানের খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় আলাদা করে চিহ্নিত করা দরকার। এতে বোঝা যাবে সঞ্চিত অর্থ কতদিন পর্যন্ত চলতে পারে।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেন, সব সময় যেন অন্তত ৬ থেকে ১২ মাসের একটা জরুরী তহবিল তৈরি করে ফেলা যায়। যার কিছু অংশ সেভিংস অ্যাকাউন্টে, কিছুটা ফিক্সড ডিপোজিটে কিছুটা ডেট মিউচুয়াল ফান্ডে রাখার কথাও বলেন তাঁরা। এ ছাড়াও চাকরি ছাড়ার সময় কিছু ক্ষতিপূরণও পাওয়া যায়। আর এই সব টাকা মিলিয়ে একটি নিরাপত্তা বলয় তৈরি করা গুরুত্বপূর্ণ। জরুরি প্রয়োজনে সহজে ব্যবহার করা যায় এমন তহবিল হাতের কাছে রাখা উচিত।
চাকরি হারানোর পর অপ্রয়োজনীয় খরচ কমানোও সমান জরুরি। বাইরে খাওয়া, বিনোদন, একাধিক সাবস্ক্রিপশন বা বিলাসের খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানো যায়। যদি দীর্ঘ সময় নতুন চাকরি না মেলে, তাহলে আরও কঠোর ব্যয়সংকোচন, কম ভাড়ার বাড়িতে স্থানান্তর বা অস্থায়ী আয়ের জন্য গিগ-ইকোনমির কাজের কথাও ভাবা যেতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পিপিএফ, ইপিএফ বা এনপিএসের মতো অবসরকালীন সঞ্চয়কে শেষ বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত। অনিশ্চিত চাকরির বাজারে আর্থিক প্রস্তুতি, সঞ্চয় এবং পরিকল্পনাই ভবিষ্যতের সবচেয়ে বড় সুরক্ষা হতে পারে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ