We currently don't have news in this language. Please choose another language.
Bengal T20: বৃষ্টিতে পণ্ড উৎসব, ইডেনের মন জিতলেন রূপম ইসলাম, ফাইনালের প্রাপ্তি শুধু ফসিলস
সন্দীপ সরকার, কলকাতা: একে রবিবার ছুটির দিন। তার ওপর ইডেন গার্ডেন্সে ফসিলস-শো। রূপম ইসলামের অমোঘ আকর্ষণ। সঙ্গে একজোড়া ফাইনালের হাতছানি। ক্রিকেট ও বিনোদনের আদর্শ ককটেল হতে পারত ক্রিকেটের নন্দনকাননে।
হতে পারত লিখতে হচ্ছে কারণ, উৎসব পণ্ড হল বৃষ্টিতে। রবিবার সকাল থেকে দুর্যোগে কলকাতা ও দক্ষিণবঙ্গের জনজীবন বিপর্যস্ত। ইডেনে বেঙ্গল টি-২০ লিগের জোড়া ফাইনাল ছিল রবিবার। সকাল সাড়ে ১১টায় ছিল মেয়েদের ফাইনাল। যে ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ও মুর্শিদাবাদ কুইন্সের। সন্ধ্যায় পুরুষদের ফাইনালে মুখোমুখি শ্রাচী রাঢ় টাইগার্স ও সোবিস্কো স্ম্যাশার্স মালদা।
তার আগে বিকেল সাড়ে পাঁচটায় ছিল রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলসের শো। দুপুর থেকেই দেখা গেল ইডেনের উদ্দেশে তরুণ-তরুণীদের ভিড়। বেশিরভাগের কপালে কালো ব্যান্ডানা। তাতে লেখা 'জয় রক', 'ফসিলস'। মেট্রো হোক বা বাস, ফসিলস ভক্তদের জোয়ার। ফাইনাল ও ফসিলস-শোয়ের জন্য নিখরচায় ইডেনে ঢোকার বন্দোবস্ত করেছিল সিএবি। খুলে দেওয়া হয়েছিল বি, সি, কে ও এল ব্লক। সঙ্গে ক্লাব হাউসে হাজির ছিলেন বেশ কিছু দর্শক। সব মিলিয়ে প্রায় হাজার দশেক মানুষ। বেশিরভাগই এসেছিলেন রূপমের পারফরম্যান্স দেখতে।
রূপম মাঠে হাজির হয়ে গিয়েছিলেন শোয়ের নির্ধারিত সময়ের অনেক আগে। কিন্তু বৃষ্টি চলতেই থাকল। যে কারণে মহিলাদের ফাইনাল ভেস্তে গেল। বিকেলেই সিএবি থেকে ঘোষণা করা হল, মেয়েদের ফাইনাল স্থগিত। তবে বাতিল নয়। সোমবার সকালে হবে ম্যাচটি। বৃষ্টি থামায় পুরুষদের ফাইনাল অবশ্য রাতের দিকে শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
বৃষ্টিস্নাত শহরে মন জিতলেন রূপম। সিএবি-র ক্লাব হাউসের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে কার্যত ছাতা খাটানো হল। তার মধ্যেই পারফর্ম করলেন রূপম। নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি দেরিতে হল অনুষ্ঠান। লেজার শো আর আতসবাজির রোশনাইয়ে যেন কিছুটা মায়াবী সন্ধ্যা। রূপম গাইলেন তাঁর জনপ্রিয় তিনটি গান। বিষাক্ত মানুষ, আরও একবার হাতটা ছুঁয়ে দেখ ও হাসনুহানা। তারপরই তিনি অনুষ্ঠান শেষ করেন। তবে দর্শকদের অনেকে হতাশ রূপম আরও কিছু গান পরিবেশন করলেন না বলে। কেউ কেউ বলছিলেন, অনেক দূর থেকে রূপমের অনুষ্ঠান ও ফাইনাল দেখতে এসেছিলেন। কিন্তু অল্পতেই সন্তুষ্ট থাকতে হল।
রূপম দেখা করেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তাঁকে ঘিরেই আবর্তিত হল ইডেনের উন্মাদনার পারদ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সন্দীপ সরকার