WB State Budget 2026 Expectations: নতুন সরকারের বাজেট, সিঙ্গুরে শিল্প আসবে কি? হবে কর্মসংস্থান? প্রত্যাশা তুঙ্গে

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: নতুন সরকারের প্রথম বাজেট। কী কী থাকতে পারে রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট প্রস্তাবে? কোন কোন বিষয় পেতে পারে অগ্রাধিকার?

কলকাতা: নতুন সরকারের প্রথম বাজেট। কী কী থাকতে পারে রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট প্রস্তাবে? কোন কোন বিষয় পেতে পারে অগ্রাধিকার? শিল্প কি ফিরবে সিঙ্গুরে? নতুন করে স্বপ্ন দেখছে হুগলির জনপদ। পরিবর্তনের জমানায় কী প্রত্যাশা সাধারণ মানুষের? এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল নানা মানুষের নানা প্রতিক্রিয়া। (West Bengal Budget 2026)

পালাবদলের পর নতুন সরকারের বাজেট ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ। সোমবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে বিধানসভায়। বেলা ১২টায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে স্বাস্থ্য-শিক্ষা-কর্মসংস্থানে থাকবে কতটা জোর? শিল্পায়নে থাকবে বড় কোনও চমক? সামাজিক সুরক্ষা, কৃষি ও পরিকাঠামো উন্নয়নে কতটা বাড়বে বরাদ্দ? (WB State Budget 2026 Expectations)

অধ্যাপক অরুণাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গ্রামের মানুষ যাতে যথাযত পরিষেবা পান, আমাদের আবেদন, সরকার যথাযথ বরাদ্দ করুক।” অধ্যাপিকা বসুমিতা সিংহ বলেন, “আমাদের বিপুল প্রত্যাশা। গ্রামীণ হাসপাতাল এবং জেলাস্তরে চিকিৎসার উন্নতি নিয়ে ভীষণ রকম ভাবে আশাবাদী আমরা।”

রাজ্য বাজেট নিয়ে রাজনৈতিক মহলে যেমন জল্পনা, তেমনই সাধারণ মানুষের মধ্যেও তুঙ্গে কৌতূহল ও প্রত্যাশা। রাজনৈতিক মহলের ধারণা, এবারের বাজেটে সবচেয়ে বড় চমক থাকতে পারে নতুন শিল্পের ঘোষণা। সিঙ্গুরে টাটা বা তাদের মতো বড় কোনও সংস্থা শিল্প করতে আগ্রহী- এমন ঘোষণাও বাজেটে থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর।

আরও পড়ুন: পার্ক সার্কাসের সুরাবর্দী অ্যাভিনিউয়ের নামবদল, নয়া নাম গোপাল মুখার্জী রোড, পুরসভাকে ধন্যবাদ শুভেন্দু অধিকারীর, কুণাল ঘোষ লিখলেন…

তাহলে পালাবদলের রাজ্যে কি বদলাবে সিঙ্গুরের ছবি? প্রত্যাশা বাড়ছে। কারণ, টাটাদের নিয়ে আগেই বড় ঘোষণা করেছেন শুভেন্দু। গত ১২ জুন তিনি বলেছিলেন, “আগামী ২২ তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের যে প্রত্যাশা আছে আমাদের কেন্দ্র করে, তা পূরণের চেষ্টা করব আমরা।” শিল্পের প্রসঙ্গে বলেছিলেন, “প্রথমত বলি, টাটাকে এখানে আনব আমরা। আমাদের শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পেয়েছেন রাজ্য়ের অত্যন্ত সিনিয়র, পাঁচ বারের MLA তাপস রায়। শিল্প দফতরের টিমও ভাল রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু বহু প্রকল্প এসে গিয়েছে।”

সরকারি সূত্রে খবর, আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে কর্মসংস্থানমুখী বাজেট হতে চলেছে এবার। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সরকারি কর্মী নিয়োগের ঘোষণাও বাজেটে উঠে আসতে পারে। বিশেষজ্ঞ মহলের মতে, PSC-র মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে।

রবি বিশ্বাস নামের এক চাকরিপ্রার্থী এবিপি আনন্দে বলেন, “নিয়োগ যাতে স্বচ্ছ ভাবে হয়, যে সব চাকরির পরীক্ষা দিয়েছে, তার রেজাল্ট যেন তাড়াতাড়ি বেরোয়, এই আশা করব।” পেশায় পরিযায়ী শ্রমিক, ডোমকলের সুজিত পাল বলেন, “আমাদের কাজ, কর্মসংস্থান…যুবসমাজ যেন পশ্চিমবঙ্গেই কাজটা করে। কাজের জন্য যেন পরিবারকে ছেড়ে যেতে না হয়।”

আরও পড়ুন: হঠাৎ শ্বাসকষ্ট, রক্তবমি পরিযায়ী শ্রমিকদের, মাছের কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে ভয়ঙ্কর ঘটনা, হতাহত বাড়ছে

বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের তাঁর ভাষণে জোর দিয়েছেন আইনশৃঙ্খলার ওপর। বাজেটেও তার প্রতিফলন থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। থানার সংখ্যা না বাড়লেও নিয়োগের মাধ্যমে পুলিশের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। বাজেটে জোর দেওয়া হবে নারী নিরাপত্তায়। স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা বলেন, “আমাদের যে নতুন সরকার এসেছে, আমাদের আবেদন, তিনি যেন কম সুদে যেন ঋণ দেন।”

গত ১৭ তারিখ, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দিল্লিতে দেখা করেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। তিনি সেই সময় বলেছিলেন, “পুরোপুরি ভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যাতে বাড়তে পারে…আগামীতে আমাদের লক্ষ্য় হবে পশ্চিমবঙ্গকে আধুনিক, প্রগ্রেসিভ অর্থনীতিতে পরিণত করা।” 

পূর্বতন সরকারের আয়ের বড় অংশ আসত আবগারি শুল্ক থেকে। বিজেপি সরকারের বাজেটে উল্টো ছবি তুলে ধরা হতে পারে বলে সূত্রের খবর। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “নতুন সরকার এসেছে। আমরা আমরা নিশ্চয়ই তাদের একটু সময় দেব। আমরা যদি প্রথম দিন থেকে সরকারের এই খারাপ, ওই খারাপ, যা বলতে যান, উল্টো বলি, সেটা বলা যায় না বা সেটা বলাটা সমীচীনও না। এখন আমরা এইটুকু আশা করতে পারি, কেন্দ্রীয় সরকারের যে বিপুল বকেয়া, বৈষম্য আছে রাজ্যের। সেগুলো এই সরকার আদায় করার চেষ্টা করবে। কয়েক কোটি মানুষ সামাজিক সুরক্ষার মধ্যে ছিলেন। তাঁদের যেন সেই অধিকার অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে।”

বাজেটে পর্যটন শিল্পের ওপরেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে সরকারি সূত্রের খবর। উত্তরবঙ্গ নিয়ে থাকতে পারে বিশেষ প্যাকেজের কথা।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Bengal T20: বৃষ্টিতে পণ্ড...

Read Next

Indranil Khan At Eden Gardens: ইডেনে...