District News: শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা

Audio Narrative Assistant
Executive Summary
সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক। নতুন চেয়ারম্য়ান করা হয়েছে নির্দল কাউন্সিলর সুশান্ত যিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়ের ভাই।

সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক। নতুন চেয়ারম্য়ান করা হয়েছে নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে। যিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়ের ভাই। কিন্তু, এক্ষেত্রে বিজেপি শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে নিজেদের মতো করে বোর্ড গঠনের মতো অভিযোগ উঠেছে। এনিয়ে হুঁশিয়ারি দিয়ে, রিপোর্ট চেয়েছেন শমীক ভট্টাচার্য।

কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক

তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভায় চেয়ারম্যান বদল ঘিরে বিতর্ক। রাজ্যে পালাবদলের মাসখানেক পরেই, কামারহাটি পুরসভার প্রধান পদে ইস্তফা দেন তৃণমূল নেতা গোপাল সাহা। তার ৩ সপ্তাহ পেরোতে না পেরোতেই,কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান করা হয় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে। কিন্তু, এরপরই অভিযোগ ওঠে, দলের উচ্চস্তরে না জানিয়ে, কামারহাটির স্থানীয় বিজেপি নেতৃত্ব নিজেদের মতো করে পুরবোর্ড গঠন করেছে কামারহাটি পুরসভায়। এই প্রেক্ষাপটে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেছে বিজেপি-র রাজ্য সভাপতির গলায়। এনিয় সোমবারই রিপোর্ট চান তিনি।

বিজেপির রাজ্যসভার সাংসদ ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, 'যাঁরা কামারহাটি থেকে এসেছেন...জানাবেন আজকে বিকেলের মধ্যে, বিকেল ৪টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে, কীসের ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটি থেকে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটি বোর্ড গঠন করেছে। এখানে সরকার এবং দল আলাদা।' নতুন চেয়ারম্যান, সুশান্ত চট্টোপাধ্যায় আবার সম্পর্কে রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্য়ায়ের ভাই। এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায় বলছেন, 'কামারহাটিতে কী হয়েছে না হয়েছে, কাউন্সিলর বোর্ডে কী হয়েছে, আমার এসব নিয়ে কোনও আইডিয়া নেই। দাদা তো সম্পর্ক সূত্রে হতেই পারে। কিন্তু  তিনি একজন নির্দল কাউন্সিলর। তাঁদের ওখানে কী করে বোর্ড হয়েছে না হয়েছে, তাঁরা জানে সেটা।'

কী বলছেন, নব নির্বাচিত চেয়ারম্যান?

১২ জুন, তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার প্রধান পদ থেকে ইস্তফা দেন গোপাল সাহা। ৩ জুলাই, বোর্ড মিটিংয়ের মাধ্যমে সর্বসম্মতিক্রমে কামারহাটি পুরসভার চেয়ারম্যানের চেয়ারে বসানো হয় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে। কামারহাটি পুরসভার নব নির্বাচিত চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায় বলছেন, 'যেহেতু আমাদের চেয়ারম্যান গোপাল সাহা ইস্তফা দিয়েছেন, তাঁর শূন্যস্থান পূরণ করা BM Act-এ আছে। যে কোনও চেয়ারম্যান যদি রেজিগনেশন দেন বা ছেড়ে দেন বা অসুস্থ হন বা মারা যান, তার জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিরা কাউন্সিলররা সেই জায়গায় যে কোনও... চেয়ারম্যান নির্বাচিত করতে পারে এবং করবে সেটা BM Act-এর বিভিন্ন ধারাতে উল্লিখিত। এটা বিজেপি চালিত বোর্ড নয়। কেউ জোর করে আমাদের কিছু করেনি।'

কামারহাটি পুরসভায় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান করা নিয়ে রবিবার একটি অনুষ্ঠানে ক্ষোভপ্রকাশ করেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ নিয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, 'কামারহাটিতে রহস্যজনক ভাবে কী এমন হল...যারা একদল চোর শাসন করছিল, তাঁদের মাথায় একজন ছিলেন, তাঁকে সরিয়ে দিয়ে আবার যাঁরা সেই চোরগুলোই ছিল... যে আমরা বোর্ডকে সমর্থন করছি। অনেকে লাফালাফি করছেন। কেউ কেউ আবার নির্দল হয়ে... এখন নির্দল না কোন দল, বোঝা মুশকিল হয়ে যাচ্ছে।'

এই বিষয়ে, শমীক ভট্টাচার্য আরও বলছেন, 'যদি কেউ মনে করে থাকেন...যে কেউ নিজেকে কাউন্সিলর বানিয়ে ফেলবেন কলকাতা কর্পোরেশনের, বরানগর, কামারহাটি, বিধাননগর কর্পোরেশনের, পার্টি চুপ করে মেনে নেবে এটা হতে দেওয়া যাবে না।' কামারহাটি পুরসভার মোট ৩৫টি ওয়ার্ড। 
গত পুরসভা ভোটে তার মধ্যে ৩১টি ওয়ার্ডে জয় লাভ করে তৃণমূল। বাকি ৪টির মধ্যে ৩টি ওয়ার্ড দখলে যায় নির্দলের।  ১টি ওয়ার্ডে জয়ী হয় সিপিএম। 
জয়ী ৩১ তৃণমূল কাউন্সিলরের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে, আর ইস্তফা দিয়েছেন পুরপ্রধান সহ ৩ তৃণমূল কাউন্সিলর। এখন দেখার কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে এই বিতর্কের জল কতদূর গড়ায়।

আরও পড়ুন: Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Microsoft Layoffs: ফের চাকরি...

Read Next

Baruipur Incident: বারুইপুরে...