IRCTC New Website : ক্যাপচা জট ও ওয়েবসাইট ক্র্যাশ থেকে মুক্তি, এই তারিখে আসছে IRCTC-এর নতুন ওয়েবসাইট

Audio Narrative Assistant
Executive Summary
IRCTC New Website Launch Date:  ভারতীয় রেলের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের দুর্ভোগের দিন কি তবে শেষ হতে চলেছে? বারবার ওয়েবসাইট ক্র্যাশ করা, তৎকাল (Tatkal) টিকিট বুকিংয়ের সময় ওটিপি আসতে দেরি হওয়া কিংবা অদ্ভুত সব ক্যাপচা (Captcha) মেলানোর চক্করে টিকিট হাতছাড়া হওয়ার চেনা ছবিটা বদলে যেতে পারে আগামী মাসেই।

IRCTC New Website Launch Date:  ভারতীয় রেলের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের দুর্ভোগের দিন কি তবে শেষ হতে চলেছে? বারবার ওয়েবসাইট ক্র্যাশ করা, তৎকাল (Tatkal) টিকিট বুকিংয়ের সময় ওটিপি আসতে দেরি হওয়া কিংবা অদ্ভুত সব ক্যাপচা (Captcha) মেলানোর চক্করে টিকিট হাতছাড়া হওয়ার চেনা ছবিটা বদলে যেতে পারে আগামী মাসেই। দেশের কোটি কোটি রেলযাত্রীদের জন্য এক বিরাট সুখবর দিয়ে রেলমন্ত্রক জানিয়েছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে আইআরসিটিসি (IRCTC)-এর ওয়েবসাইট।    

সম্প্রতি জয়পুরের মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (MNIT)-তে পড়ুয়াদের সঙ্গে একটি আলাপচারিতা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই এক ছাত্র উৎসবের মরসুমে এবং ব্যস্ত সময়ে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে গিয়ে সাধারণ মানুষের চরম ভোগান্তির কথা তুলে ধরেন।

অভিযোগ শোনা মাত্রই রেলমন্ত্রী মঞ্চ থেকেই এক রেল অধিকারিককে ফোন করেন এবং জানতে চান আগামী ৩০ দিনের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান করে নতুন প্ল্যাটফর্ম চালু করা সম্ভব কি না। এরপরই তিনি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে ঘোষণা করেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই আইআরসিটিসি-এর আপগ্রেডেড ও আধুনিক ওয়েবসাইট লাইভ করে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় এই কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল।

কেন এই ভোলবদল?
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আইআরসিটিসি পোর্টাল ব্যবহার করেন। কিন্তু বিশেষ করে সকাল ১০টা এবং ১১টায় তৎকাল টিকিট বুকিং শুরু হতেই সাইটের গতি শামুকের চেয়েও ধীর হয়ে যায়। পেমেন্ট ফেইলিয়র, বুকিংয়ের মাঝপথে সাইট ক্র্যাশ করা এবং ওটিপি (OTP) জটের কারণে প্রতিমুঠো টিকিট নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। এই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অভিযোগের সুরাহা করতেই এই মেগা আপগ্রেডের সিদ্ধান্ত।

নতুন ওয়েবসাইটে কী কী সুবিধা পাবেন যাত্রীরা?
রিপোর্ট অনুযায়ী, নতুন প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হচ্ছে যা পিক আওয়ার বা চরম ব্যস্ততার সময়েও ভারী ট্রাফিক অনায়াসে সামলাতে পারবে। যাত্রীরা মূলত যে যে সুবিধা পেতে পারেন:

দ্রুত টিকিট বুকিং: আগের চেয়ে অনেক কম সময়ে এবং মসৃণভাবে টিকিট কাটা যাবে।

তৎকাল বুকিংয়ে স্বস্তি: তৎকালের সময় সাইট হ্যাং হওয়া বা স্লো হয়ে যাওয়ার সমস্যা অনেকটাই কমবে।

সিট সিলেকশন ফিচার: বিমানের মতো ট্রেনের ক্ষেত্রেও পছন্দের সিট বেছে নেওয়ার (Seat Selection) আধুনিক ফিচার যুক্ত হতে পারে।

সহজ ইউজার ইন্টারফেস: ওয়েবসাইটের ডিজাইন এমন করা হচ্ছে যাতে সাধারণ মানুষ খুব সহজে ও স্বাচ্ছন্দ্যে নেভিগেট বা ব্যবহার করতে পারেন।

কেন এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল?
ভারতীয় রেলের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কাউন্টারে গিয়ে টিকিট কাটার চেয়ে অনলাইনের ওপর মানুষের নির্ভরতা আকাশছোঁয়া। দেশের প্রায় ৮৮ শতাংশ ট্রেনের টিকিট এখন ডিজিটাল মাধ্যমে বুক করা হয়। এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে ডিজিটাল পরিকাঠামোর আধুনিকীকরণ ছাড়া রেলের কাছে আর কোনো বিকল্প ছিল না।

এখন দেখার, আগামী ১৫ জুলাই রেলমন্ত্রীর বেঁধে দেওয়া ডেডলাইনের পর নতুন আইআরসিটিসি ওয়েবসাইট সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে। টিকিট বুকিংয়ের এই চেনা 'হাহাকার' সত্যিই কমে কি না, সেদিকেই নজর থাকবে দেশের কোটি কোটি রেলযাত্রীর।

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

Petrol Pump Fraud: পেট্রোল...

Read Next

Kunal vs Nayna: তৃণমূলে...