We currently don't have news in this language. Please choose another language.
Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
কলকাতা: মা হলেন, অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy)। চলতি বছরের গোড়ার দিকে শুভাশিস দে-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সুস্মিতা। অভিনেত্রী এখন ব্যবসাও চালান, শুভাশিস তাঁর ব্যবসার পার্টনারও। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা নিয়মিত ভ্লগিংও করেন। নিজের নিয়মিত জীবনযাত্রা, পরিবারের সঙ্গে সম্পর্ক, সবই ভাগ করে নেন তিনি। আর আজ, সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে সুস্মিতা জানিয়েছেন, তিনি মা হয়েছেন। কোলে এসেছে সন্তান।
মা হলেন সুস্মিতা, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন?
সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা লিখেছেন, 'মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তার নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনও শারীরিক অক্ষমতার লড়াই ছিল না। ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। প্রথম সন্তানকে হারানোর সেই গভীর ক্ষত আজও রয়ে গিয়েছে। তাই এবারের পথ চলাটা নীরবে আগলে রেখেছিলাম। গতবার সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এবার মনে হয়েছিল, সব শুভশক্তির আশীর্বাদে, সব কু-নজর আর অভিশাপকে হারিয়ে, সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাব।'

সুস্মিতা আরও লিখেছেন, 'এই দীর্ঘ পথচলায়, যখন অনেকেই বিশ্বাস হারিয়েছিল। অনেকেই চাননি আমি মা হই, তখন পাহাড়ের মতো অবিচল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল একজন মানুষ..আমার স্বামী, শুভাশিস দে। যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন ‘মা’ ডাকা শোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। তাকে ধন্যবাদ জানাব না, কারণ সে আমার নিজের মানুষ, আমার সন্তানের বাবা, আমার জীবনসঙ্গী। শুধু এটুকুই বলব—আজ আমার মাতৃত্বের পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সঙ্গ সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল। আজ আমি মা হয়েছি। আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পেল। যারা সবসময় পাশে ছিলেন, শুভকামনা আর আশীর্বাদে আমাকে আগলে রেখেছেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমাদের জন্য আশীর্বাদ করবেন—এই ছোট্ট অলৌকিকতাকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য