We currently don't have news in this language. Please choose another language.
UP News: মণ্ডপে অসুস্থ বর, ‘মেডিকেল রিপোর্ট’ চাইলেন কনে; তারপর যা ঘটল...
UP News: একটা বিয়েবাড়ি মানেই হইহুল্লোড়, আড্ডা, জমিয়ে খাওয়াদাওয়া আর দু'টো মানুষের এক নতুন জীবন শুরু করার পালা। বিয়ের অনুষ্ঠানে সক্কলে হইচই করতেই ভালবাসেন। এর মাঝে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তো চিন্তার শেষ থাকে না। আর সেই অসুস্থ ব্যক্তি যদি বর হয়, তা হলে তো কথাই নেই। আলাদাই তোড়জোড় শুরু হওয়ার কথা তাঁকে নিয়ে। তবে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) এক বিয়েবাড়িতে বর আচমকা অসুস্থ হয়ে পড়তেই ঘটল অবাক কাণ্ড। যা চমকে দেবে যে কাউকেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সম্প্রতি উত্তরপ্রদেশের এটা (Etah) জেলায় একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। বিয়ের আচার-অনুষ্ঠান চলার সময় বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়ে করতে অস্বীকার করলেন কনে। আসলে কনেপক্ষের অভিযোগ, বরের অসুস্থতার কথা তাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। বরের স্বাস্থ্য পরীক্ষা করে তার ‘মেডিকেল রিপোর্ট’ না দেখানো পর্যন্ত কনে বিয়ে করতে রাজি হননি। শেষ পর্যন্ত কনে ছাড়াই ফিরে যেতে হয় বরযাত্রীদের।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাকিত (Sakit) এলাকায়। কোতোয়ালি দেহাত এলাকার কাঁথোলি গ্রামের এক যুবকের সঙ্গে নাগলা ফুলে গ্রামের বিজয় সিংহের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। এরপর সাকিত এলাকার একটি গেস্ট হাউসে বরযাত্রী এসে পৌঁছায়। বিয়ের অনুষ্ঠান যখন চলছিল, তখন মণ্ডপে বসা অবস্থাতেই বর হঠাৎ ভারসাম্য হারিয়ে চেয়ার থেকে নিচে পড়ে যান।
এই ঘটনায় মণ্ডপে উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছুটে এসে বরকে জল দেয় এবং ডাক্তার ডাকার কথা বলে। বরের বাড়ির লোকজন প্রথমে বিষয়টিকে সাধারণ ভাবে ঘাবড়ে যাওয়া বা নার্ভাসনেস বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কনেপক্ষের মনে ঠিক সেই সময়েই সন্দেহ দানা বাঁধে।
কনেপক্ষের লোকেরা অভিযোগ তোলে, বিয়ের সম্বন্ধ পাকা করার সময় বরের পরিবারের সদস্যরা এই অসুস্থতার কথা গোপন করেছিলেন। এই বিষয়টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। স্থানীয় বয়স্ক ব্যক্তি এবং আত্মীয়রা সারারাত ধরে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।
সেখানে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা জানান, কনে স্পষ্ট জানিয়ে দেয় যে, বরের মেডিকেল রিপোর্ট দেখানো হলেই বিয়ে হতে পারে। বরের শারীরিক অবস্থা কেমন, তা নিশ্চিত না হয়ে তিনি কোনওভাবেই বিয়ে করবেন না।
ঝামেলার এমন পর্যায়ে পৌঁছে যায় যে, তাতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়। তখন পুলিশ কনেপক্ষের দুইজনকে থানায় নিয়ে যায়। তবে বহু আলোচনার পরও কনে ও তাঁর পরিবার নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হঠেনি। শেষ পর্যন্ত কনে ছাড়াই বরযাত্রী ফিরে যায়।
সাকিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদেশ রাঠি জানিয়েছেন, এই বিষয়ে বর ও কনে দুই পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি জানার পর দুই পক্ষকেই থানায় ডাকা হয়েছে। লিখিত অভিযোগ জমা পড়লে সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Offbeat. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda