We currently don't have news in this language. Please choose another language.
West Bengal Budget: ঢালাও ঘোষণা, রাজ্য বাজেটে কী কী উপহার পেল খেলার মাঠ? কী বললেন ক্রীড়ামন্ত্রী?
সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসার পর সোমবারই প্রথম বাজেট পেশ করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। বাজেট পেশ করার সময় খেলার ময়দানের জন্যও ঢালাও বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কী কী পেল ক্রীড়াজগৎ?
- রাজ্যে ক্রীড়া শিক্ষাকে আরও আধুনিক ও পেশাদার স্তরে নিয়ে যেতে একটি স্পোর্টস বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই খাতে ১৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি ক্রীড়া ও প্রযুক্তির সমন্বয়ে থ্রি-ডি অ্যানিমেশন কোর্স চালুর কথাও ঘোষণা করা হয়েছে।
- উত্তরবঙ্গের জন্য সাধারণ বাজেটেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোকে ঢেলে সাজাতে আন্তর্জাতিক মানের ইন্ডোর ও আউটডোর স্টেডিয়াম তৈরির ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- গ্রাম ও শহরতলির খেলোয়াড়দের সুযোগ বাড়াতে প্রতিটি বিধানসভা কেন্দ্রে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি প্রকল্পের জন্য ৫ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে।
- জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে ১ কোটি টাকা করে পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
- আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পদকজয়ী ক্রীড়াবিদদের চাকরির সুযোগ এবং পুরস্কার প্রদানের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ প্রদান করাই লক্ষ্য।
- রাজ্য সরকারের দাবি, অলিম্পিক্স, কমনওয়েলথ গেমস এবং অন্যান্য আন্তর্জাতিক আসরে বাংলার প্রতিনিধিত্ব আরও মজবুত করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। উন্নত পরিকাঠামো, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং আর্থিক সহায়তার মাধ্যমে আগামী দিনে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম ক্রীড়া শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে মনে করছে ময়দান।
- রাজ্যের সমস্ত স্টেডিয়াম, যার মধ্যে রয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামও, সেগুলির সংস্কারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
- সরকারি ও সরকার অনুমোদিত কলেজে যাঁরা পড়াশোনা করেন ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এককালীন ৩০ হাজার টাকা করে সহায়তা করা হবে।
- স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের অধীনে যাঁরা বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ে যাঁরা স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, তাঁদের সম্পূর্ণ টিউশন ফি এবং স্বাস্থ্যবীমা দেওয়া হবে।
ক্রীড়া খাতে বরাদ্দ দেখে উচ্ছ্বসিত ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'ক্রীড়া ও যুবকল্যাণ খাতে এত বরাদ্দ করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে ধন্যবাদ।'
এবিপি লাইভ বাংলাকে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বললেন, 'যাঁরা স্নাতক কিন্তু কর্মহীন, ২১ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হলে তাঁরা মাসে ৩ হাজার টাকা করে পাবেন। একই বয়স বন্ধনীতে থাকা যাঁরা স্নাতক নন, নিরক্ষর বা স্বল্পশিক্ষিত, বা পড়াশোনা করছেন না, এবং যাঁদের চাকরি নেই, তাঁরা মাসে ২ হাজার টাকা করে পাবেন।'
আরও পড়ুন : ক্রীড়ামন্ত্রীর স্বচ্ছতার বার্তার দিনই ইডেনের টিকিট জালিয়াতি! বিতর্ক বেঙ্গল টি-২০ লিগে
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সন্দীপ সরকার