We currently don't have news in this language. Please choose another language.
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
নয়াদিল্লি: NEET প্রশ্নফাঁস কাণ্ডে ১৫ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। তীব্র গরমেও মঞ্চ ছেড়ে নড়েননি, ভারী বৃষ্টিতেও মঞ্চেই দেখা যাচ্ছে তাঁকে। সরকারের তরফে এখনও পর্যন্ত সাড়া মেলেনি সেভাবে। আর সেই আবহেই দেশবাসীকে এগিয়ে আসতে আবেদন জানালেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র (CJP) মঞ্চ থেকে জানালেন, তিনি মহাত্মা গাঁধী নন, দেশনায়ক নন। অন্যের ভরসায় বসে না থেকে, অধিকারের প্রশ্নে দেশবাসীকেই এগিয়ে আসতে হবে। (Sonam Wangchuk)
রবিবার যন্তর মন্তরে CJP-র ধর্না ২৩তম দিনে পড়ল। গত ১৫ দিন ধরে সেখানে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ৭.৫ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। ব্লাড প্রেসার ১০৬/৭৪। সেই আবহেই ভিডিও বার্তা প্রকাশ করেছেন সোনম। তাঁর কথায়, “আগের মতো এনার্জি পাচ্ছি না। খুবই ক্লান্ত বোধ করছি। এমনটাই হয়। কোনও দিন ভাল কাটে, কোনও দিন ভাল কাটে না।” (Cockroach Janta Party Protests)
আরও পড়ুন: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
সোশ্যাল মিডিয়ায় যেভাবে সকলের থেকে সমর্থন পেয়েছেন, তার জব্য ধন্যবাদও জ্ঞাপন করেন সোনম। তবে কেউ তেউ তাঁকে যেভাবে ২১ শতকের গাঁধী বলছেন, কেউ আবার বলছেন দেশনায়ক, তাতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, “অনেকে বলছেন আমি ২১ শতকের বা আধুনিক যুগের গাঁধী। অন্যরা আবার দেশনায়ক বলছেন। এই ধরনের মন্তব্য দেখে অস্বস্তি হয় আমার। আমি গাঁধীও নই, দেশনায়কও নই। আমি সাধারণ নাগরিক মাত্র, যে নিজের দায়িত্বটুকু পালনের চেষ্টা করেছে।”
সোনম আরও বলেন, “অন্যের মধ্যে নায়ক খোঁজার চেষ্টা করবেন না দয়া করে। নিজের জীবনে নিজেই নায়ক হয়ে উঠুন। নাগরিক হিসেবে নিজ দায়িত্ব পালন করুন সকলে।”
ডাক্তারি প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েক জন পড়ুয়া আত্মহত্যা করেছেন এখনও পর্যন্ত। সেই প্রসঙ্গে সোনম বলেন, “ওই পড়ুয়ারা যদি আপনার বোন বা মেয়ে হতেন, তাহলে হয়ত আমাদের সঙ্গে যোগ দিতেন। কিন্তু তা হওয়ার জন্য অপেক্ষা করবেন না। প্রতিদিন এখানে আসা সম্ভব না হলে, অন্তত একদিন যন্তর মন্তরে আমাদের পাশে দাঁড়ান। দিল্লি আসতে না পারলে যেখানে আছেন, সেখান থেকে একদিন অনশন করে বার্তা পাঠান।”
আগামী ২০ জুলাই মিছিল করে সংসদভবন যাওয়ার পরিকল্পনা রয়েছে CJP-র। সাংসদদের সঙ্গে দেখা করে নিজেদের দাবিদাওয়া জানানোর কথা রয়েছে। তার আগে সোনম বলেন, “আমাদের মতো ২৪ দিন অনশন করতে হবে না। খেয়েদেয়েই আসুন। কিন্তু নাগরিক হিসেবে দায়িত্ব পালন করুন। ২০ জুলাইয়ের মিছিলে যোগদান করুন দয়া করে।” সোনম জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছেতেই অনশনে বসেছেন। প্রশ্নপত্র ফাঁসে সরকারকে দায় নিতে হবে। সেই সঙ্গে লাদাখের সমস্যাগুলিও দেখতে হবে সরকারকে।
NEET প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছে CJP. পাশাপাশি, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি তাদের। বাদল অধিবেশনের শুরুতে ২০ জুলাই সংসদভবন অভিযান করবে তারা। গত ২০ জুন থেকে দিল্লিতে লাগাতার প্রতিবাদ-ধর্না চলে আসছে। পরবর্তীতে তাতে যোগ দেন সোনম, শুরু করেন অনশন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ