We currently don't have news in this language. Please choose another language.
Road Accident : নাবালিকাকে পিষে পালাচ্ছিল, প্রায় ২ ঘণ্টা ধরে ৬০ কিমি ধাওয়া করে ট্রাকচালককে ধরল পুলিশ
এ যেন সিনেমার চিত্রনাট্য ।
১১ বছরের এক নাবালিকাকে পিষে দিয়ে পালাচ্ছিল অভিযুক্ত ট্রাক চালক। তাকে ধরতে গিয়ে রীতিমতো জেরবার হতে হল পুলিশকে। ছত্তীসগঢ়জুড়ে প্রায় ৬০ কিলোমিটার ধাওয়া করে অভিযুক্ত ট্রাক চালককে পাকড়াও করা হল। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই পর্ব। সামগ্রিক এই ঘটনা ভিডিওয় ধরা পড়েছে। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। মহারাষ্ট্র সীমানার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়ে ধরা হয় অভিযুক্তকে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরে গেলে অবশেষে সে পুলিশের জালে ধরা পড়ে। ঘটনাটি ঘটেছে রাজনন্দগাঁও-মানপুর সড়কের ওপর আম্বাগড় চৌকি থানা এলাকার গুন্ডারদেহি গ্রামে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিতম্বর পটেলের দেওয়া তথ্য অনুসারে, দ্রুত গতির ওই ট্রাক ১১ বছর বয়সী পুনমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি থামানোর পরিবর্তে, গাড়ির গতি বাড়িয়ে মোহলার দিকে পালানোর চেষ্টা করে চালক।
এদিকে দুর্ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। গাড়িটিকে আটকানোর জন্য মোহলা থানার বাইরে ব্যারিকেড বসানো হয়। যদিও পিটিআই জানিয়েছে, চালক পুলিশের উপস্থিতি উপেক্ষা করে থানার কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় এবং ব্যারিকেড ভেঙে দ্রুত গতিতে মানপুরের দিকে পালাতে থাকে। ধাওয়া যখন জোরদার হয়ে ওঠে, তখন মানপুরের এসডিএম (SDM) অফিসের কাছে আরেকটি চেকপয়েন্ট বসানো হয়। কিন্তু চালক আবারও গ্রেফতার এড়ানোর চেষ্টা করে। পুলিশ জানায়, মানপুর শহরে প্রবেশের আগে সে ব্যারিকেডগুলির ওপর দিয়েই গাড়ি চালিয়ে চলে যায় এবং সেগুলিকে বেশ কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। পিছু ধাওয়ার সময় পুলিশকর্মীরা অল্পের জন্য ট্রাকের ধাক্কা খাওয়া থেকে রক্ষা পান। মহারাষ্ট্র সীমান্ত থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে করকোত্তি গ্রামের কাছে অবশেষে ধাওয়া পর্বের সমাপ্তি ঘটে। আধিকারিকরা জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরে যায়, যার ফলে পুলিশ দল চালককে আটক করতে সক্ষম হয়।
ঘটনার জেরে ট্রাকচালক আহত হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য মানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সে মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ রয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর গুন্ডারদেহি গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখান। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গ্রামবাসী মেয়েটির মৃতদেহ রাস্তায় রেখে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরই অবরোধ তুলে নেওয়া হয়। ময়নাতদন্তের পর পুনমের দেহ তার পরিবারকে হস্তান্তরিত করা হয়।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার