We currently don't have news in this language. Please choose another language.
Tirumala Temple: বয়স ১১৬, তবু থামেননি! ৩৫৫০ সিঁড়ি বেয়ে তিরুমালার পথে বৃদ্ধা, ভাইরাল ভিডিও নজরে আসতেই বিশেষ ব্যবস্থা
তিরুপতি: বয়স তাঁর ১১৬ বছর। শরীরের বয়স হার মেনেছে মনের জোর আর অটুট ভক্তির কাছে। পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে পায়ে হেঁটেই তিরুমালার পথে রওনা দিয়েছিলেন নবনীথাম্মা। লক্ষ্য একটাই—ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন। সহজ ছিল না সেই যাত্রা। শেষাচলম পাহাড়ের মধ্যে দিয়ে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ আলিপিরি পদযাত্রার পথ। সামনে প্রায় ৩ হাজার ৫৫০টি সিঁড়ি। কিন্তু বয়সের বাধা উপেক্ষা করেই একের পর এক ধাপ পেরিয়ে পাহাড়ের উপরে পৌঁছন ওই বৃদ্ধা। তাঁর সেই যাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুগ্ধ হন নেটিজেনরা।
১১৬ বছর বয়সে ৯ কিলোমিটারের কঠিন যাত্রা
তিরুমালায় ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করা ছিল নবনীথাম্মার দীর্ঘদিনের ইচ্ছা। সেই স্বপ্ন পূরণ করতেই পরিবারের সাহায্যে আলিপিরির পায়ে চলা পথ বেছে নেন তিনি। বার্ধক্য তাঁর চলার গতি কমাতে পারেনি। প্রায় ৯ কিলোমিটার পথ এবং হাজার হাজার সিঁড়ি পেরিয়ে তীর্থস্থানের দিকে এগিয়ে যান নবনীথাম্মা। তাঁর দৃঢ়তা এবং ভক্তির ছবি ধরা পড়ে ভিডিওয়। পরে সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
বৃদ্ধার ভক্তিতে মুগ্ধ চন্দ্রবাবু নাইডু
নবনীথাম্মার এই যাত্রা নজর কাড়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু-রও। তাঁর মনোবলের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, প্রকৃত ভক্তির ক্ষেত্রে বয়স শুধুই একটি সংখ্যা। নবনীথাম্মার এই যাত্রাকে অনুপ্রেরণাদায়ক বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বৃদ্ধার দীর্ঘদিনের ইচ্ছাপূরণে পাশে থাকার জন্য তাঁর পরিবারের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।
ভাইরাল ভিডিও দেখেই নির্দেশ TTD চেয়ারম্যানের
ভিডিওটি সামনে আসার পর উদ্যোগী হয় তিরুমালা তিরুপতি দেবস্থানম বা TTD। সংস্থার চেয়ারম্যান বি আর নাইডু ভিজিল্যান্স আধিকারিকদের ওই বৃদ্ধা ভক্তকে খুঁজে বের করার নির্দেশ দেন। এরপর দ্রুত নবনীথাম্মা এবং তাঁর পরিবারের অবস্থান চিহ্নিত করেন আধিকারিকরা। সিদ্ধান্ত নেওয়া হয়, তাঁর জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা করা হবে।
নবনীথাম্মার জন্য VIP Break Darshan
সোমবার TTD চেয়ারম্যানের দফতরের কর্মীরা নবনীথাম্মা এবং তাঁর পরিবারের সদস্যদের মন্দিরে নিয়ে যান। তাঁদের জন্য VIP Break Darshan-এর বিশেষ ব্যবস্থা করা হয়। দর্শনের আগে প্রয়োজনীয় বায়োমেট্রিক যাচাইয়ের ক্ষেত্রেও বৃদ্ধাকে সাহায্য করেন আধিকারিকরা। দীর্ঘ ও কঠিন পদযাত্রা শেষ করার পর নির্বিঘ্নে ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শনের সুযোগ পান তিনি। ১১৬ বছর বয়সে প্রায় ৯ কিলোমিটার পথ এবং ৩ হাজার ৫৫০টি সিঁড়ি পেরিয়ে নবনীথাম্মার এই তীর্থযাত্রা ইতিমধ্যেই অসংখ্য মানুষের মন ছুঁয়েছে। তাঁর ভক্তিকে সম্মান জানিয়ে বিশেষ দর্শনের ব্যবস্থা করায় TTD প্রশাসনের উদ্যোগও প্রশংসা কুড়িয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়